অবৈধ হালকা অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারে চট্টগ্রাম বন্দরে দুদিনের বিশেষ অভিযান গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। দুদিনের অভিযানে সাতটি শেড ও একটি জাহাজে তল্লাশি চালানো হয়। অভিযানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
‘অপারেশন আইরিন’ নামের এই অভিযান পরিচালনা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ।
দুদিনের অভিযান শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এস এম শামীমুর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, দুদিনের অভিযান শেষ হয়েছে। মঙ্গলবার বন্দরে পণ্য রাখার চারটি শেড ও একটি পণ্যবাহী জাহাজে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিশ্ব কাস্টমস সংস্থার আওতাধীন গোয়েন্দা ইউনিট ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’-এর (আরআইএলওএপি) ৩৩টি সদস্য দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশেও সমুদ্র, স্থল ও বিমানবন্দরগুলোতে এ অভিযান চলছে।
৮ জুলাই থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৩ জুলাই পর্যন্ত। চট্টগ্রাম বন্দরে অভিযানের আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান শেষে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে কোনো অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য আনা হচ্ছে না। তবে অভিযান শেষ হলেও এ বিষয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হচ্ছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বিশ্বজুড়ে নাশকতার কাজে এখন হালকা অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের ব্যবহার বেড়েছে। এ কারণে বিশ্ব কাস্টমস সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩টি দেশে এ ধরনের অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্য দেশ হিসেবে বাংলাদেশেও সমুদ্র, স্থল ও বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।