দেশের বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযান’ চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৭০ জন নেতা-কর্মীসহ ১৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ১১ জেলায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির দুজন নেতা রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৫৯ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জামায়াত-শিবিরের ৩৯ জন এবং নিয়মিত মামলার আসামি ১৭ জন।
চাঁদপুর: শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনকে (৪৮) শুক্রবার রাতে তাঁর ঠাকুরবাজারের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শাহরাস্তি থানায় নাশকতা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের তিনটি মামলাসহ জেলার বিভিন্ন থানায় আরও ২০-২২টি মামলা আছে বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার: কমলগঞ্জে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের গ্রেপ্তার করার সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে দুই উপপরিদর্শকসহ পুলিশের চারজন সদস্য আহত হন।
বাউফল (পটুয়াখালী): বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহফুজুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ বলেছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কুষ্টিয়া: মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তাঁরা জামায়াতের কর্মী ও সমর্থক। নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়।
আদমদীঘি (বগুড়া): উপজেলা জামায়াতের সদস্য আবদুল হান্নানকে (৪০) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। তিনি উপজেলার ডহরপুর গ্রামের দবির উদ্দীনের ছেলে।
গাইবান্ধা: সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতা বজলুর রশীদসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াতের একজন এবং অন্য ৩৬ জন বিভিন্ন মামলার আসামি। বজলুর রশীদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ফতে খাঁ গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া উপজেলা থেকে জালাল মিয়া (২০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
গাজীপুর: কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ মোল্লা (৪৮), কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হানিফসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ছয়জন বিভিন্ন মামলার আসামি। পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে এঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা: বিএনপি-জামায়াতের ১৩ জন কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের ১২জন কর্মী। এ ছাড়া নিয়মিত মামলার ১৮ জন আসামি রয়েছেন।
বান্দরবান: জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুস সালাম আজাদকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।