বিশেষ অভিযানে ২১ জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী গত শনিবার থেকে শুরু হওয়া পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম দিন পেরোল গতকাল বুধবার। মঙ্গলবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
কয়েক দিন ধরে হিসাব জানালেও গতকাল দেশব্যাপী মোট কতজনকে গ্রেপ্তার করা হলো, সে বিষয়ে তথ্য দেয়নি পুলিশ। পুলিশের সরবরাহ করা হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত এ সংখ্যা ছিল ১১ হাজার ৬৪৭।
অন্যদিকে ১৭ জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচ জঙ্গিসহ ৮৫৯ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। এই পাঁচ দিনে বড় কোনো জঙ্গি বা সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। অন্যান্য দিনের মতো বিশেষ অভিযানের পঞ্চম দিনেও মূলত বিএনপি ও জামায়াত এবং এদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পরোয়ানাভুক্ত আসামি, নাশকতা, মাদক ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তারের সংখ্যাই বেশি।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন গ্রেপ্তার হওয়া ২১ জঙ্গির মধ্যে ১৭ জন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), একজন হিযবুত তাহ্রীর, দুজন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও একজন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম নগর ও জেলা জামায়াতের ছয়জন ও ছাত্রশিবিরের দুজন নেতা-কর্মীসহ ২৪৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ১৬৩ জনের বিরুদ্ধে।
কক্সবাজারের আটটি উপজেলা থেকে বিভিন্ন মামলার ৫৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট জেলা ও মহানগর এলাকায় জামায়াত-শিবিরের সাতজন কর্মী-সমর্থকসহ ৫৩ জন আটক হন।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরের গোলাবাড়িয়া এলাকা থেকে মঙ্গলবার চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চৌমুহনীর পৌর হাজীপুর এলাকার আমজাদ হোসেন ওরফে সুমন, মো. রুমন, মো. রকি ও মো. আরিফ। রুমন জেলা জামায়াতের আমির মো. আলাউদ্দিনের ছেলে।
কুমিল্লার দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, তাঁদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা ও ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
রংপুরে সন্দেহভাজন জঙ্গি সদস্য বদরগঞ্জ উপজেলার গোলজার রহমানসহ গ্রেপ্তার হয়েছেন ৭৪ জন। কুড়িগ্রামে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলামসহ ৫৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার তবারক উল্লাহ বলেন, রাশেদুলকে ১৫১ ধারায় আটক করা হয়েছে। অন্যরা মামলার এজাহারভুক্ত আসামি। নীলফামারীতে জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের সন্দেহভাজন জঙ্গি হাফিজসহ গ্রেপ্তার হয়েছেন ১৯ জন।
গাইবান্ধায় সন্দেহভাজন জেএমবি সদস্য মানিক হক্কানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নাশকতা মামলায় বিএনপির এক ও জামায়াতের দুই কর্মী এবং অন্যদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহে ৯৭ জনকে আটক করেছে পুলিশ। দুজন জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি। জামালপুরে পরোয়ানাভুক্ত আসামি, পলাতক আসামি ও সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জে জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে সন্দেহভাজন জেএমবি সদস্য মো. আব্দুর রহিম ওরফে বাদশা ও রানীনগর থেকে বাংলা ভাইয়ের কথিত সহযোগী মো. খায়রুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরায় জামায়াতের নয়জন নেতা-কর্মীসহ ৫৪ জন গ্রেপ্তার হয়েছেন।
ফরিদপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৫ জনসহ ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে মাদক বিক্রেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। নাটোরে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে মামলার পরোয়ানা রয়েছে। কয়েকজনকে আটক করা হয় সন্দেহজনকভাবে চলাফেরা করায়।