বিশেষ অভিযানের নামে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন ২০ জন। এক দিনের মধ্যেই ১৪ জন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, হয়রানি করতেই এসব নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
পুলিশ ও আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা থানা-পুলিশ গত শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত চলমান বিশেষ অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০ ব্যক্তিকে গ্রেপ্তার করে। কয়েকজনকে তাস খেলা, মোটরসাইকেলের নিবন্ধন না থাকা ও মাদক সেবনের অভিযোগে ধরা হয়। আটকের তালিকায় ছিলেন আওয়ামী লীগের এক নেতাও। পরে বাঘা পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা আটক কয়েকজনকে ছাড়িয়ে নিতে থানায় যান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের তর্ক হয়।
নাম প্রকাশ না করার শর্তে পৌর আওয়ামী লীগের এক নেতা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সরকার যাদের ধরার জন্য বিশেষ অভিযান চালাতে বলছে, বাঘা থানার পুলিশ তাদের বাদ দিয়ে সাধারণ মানুষকে ধরে হয়রানি করছে।
জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাকি ১৩ জন হলেন উপজেলার নারায়ণপুর গ্রামের সাগর আলী; নিশ্চিন্তপুরের সাজাহান আলী; আহম্মদপুরের আলম হোসেন, আলম হোসেন শেখ ও শফিকুল ইসলাম; উত্তর মিলিকবাঘার শিমুল আহাম্মেদ; চকছাতারির জনীও আশরাফুল ইসলাম; আহম্মদপুরের নাজমুল হোসেন ও সেলিম হোসেন; আড়পাড়ার আকবর আলী; মিলিকবাঘার আল আমিন ও মুর্শিদপুরের ফরিদ হোসেন। তাঁরা সবাই গত শনিবার আদালত থেকে জামিনে মুক্তি পান।
মুক্তি পাওয়া আকবর আলী আড়াপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। আকবর আলী বলেন, তিনি আমের ব্যবসা করেন। গত শুক্রবার বাগানে আম পাড়তে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তাঁরা তিনজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পুলিশ তাঁদের আটক করে। দলীয় পরিচয় দেওয়ার পরেও পুলিশ তিনজনকেই মামলা দিয়ে আদালতে পাঠায়। আকবর বলেন, এটা হয়রানি ছাড়া কিছুই নয়। কে জঙ্গি আর কে সাধারণ মানুষ, বুঝেও পুলিশ অভিযান দেখাতে তাঁদের আটক করে। তাঁর মোটরসাইকেলটি এখনো জব্দ করে রেখেছে পুলিশ।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ বলেন, অভিযানকালে তাস খেলা ও মোটরসাইকেলের নিবন্ধন না থাকায় কয়েকজনকে আটক করা হয়েছিল। তাঁরাই আদালত থেকে জামিন পেয়েছেন।