বিশেষ অভিযানের ফলে দুর্ঘটনা কমেছে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে সারা দেশে ২০ দিনে প্রায় ১১ হাজার মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা আদায় করা হয় ৭৮ লাখ টাকা। কারাদণ্ড দেওয়া হয় ৪৫ জনকে। আর ২৯৬টি যানবাহন জব্দ করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার এলেনবাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস ও পরিবহন খাতে শৃঙ্খলা আনতে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
গত ১০ নভেম্বর ঢাকাসহ সারা দেশে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান ১০ থেকে ৩০ নভেম্বরের।
ওবায়দুল কাদের দাবি করেন, বিশেষ অভিযানের কারণে যানবাহনমালিকদের মধ্যে ফিটনেস সনদ নেওয়ার প্রবণতা বেড়েছে। এতে দুর্ঘটনাও কমেছে। তিনি জানান, অভিযান শুরুর পর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩৪টি সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর প্রাণহানির বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে। এর ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। আগামী মাসে মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি ‘ব্ল্যাক স্পট’ উন্নয়নের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হবে বলে জানান তিনি।
অংশীদারদের বৈঠকে সব অংশীদার নেই: মতবিনিময় সভার আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অংশীদারদের (স্টেক হোল্ডার) সঙ্গে মতবিনিময়। কিন্তু সেখানে বিআরটিএ বাস, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সংগঠনের নেতারা ছাড়া আর কেউ ছিলেন না। সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য সবচেয়ে বড় অংশীদার হওয়া সত্ত্বেও পুলিশের কোনো প্রতিনিধি ছিল না। সিটি করপোরেশনের প্রতিনিধিকেও দেখা যায়নি।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার ও সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।