বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে ফেনীতে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে গতকাল বৃহস্পতিবার জেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ও সদর ইউনিয়নের প্রায় ৭ হাজার ৫০০ একর এলাকায় গড়ে উঠছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
ফেনী সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, সংযোগ সড়ক, বিদ্যুৎ, পানি সরবরাহসহ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ সময় ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান অর্থনৈতিক অঞ্চলের জন্য ১ হাজার ৭০০ একর ভূমি অধিগ্রহণের কবুলিয়ত দলিল বেজা চেয়ারম্যানের হাতে হস্তান্তর করেন।
মতবিনিময় সভায় বেজা চেয়ারম্যান বলেন, শিগগিরই ফেনীর অর্থনৈতিক অঞ্চলের বিদ্যুৎ-সংযোগ ও সড়কের কাজ শুরু হবে। অর্থনৈতিক অঞ্চলের জন্য ১০ হাজার একর জমি অধিগ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফা হক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ফেনীর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহম্মেদ।
মতবিনিময় সভা শেষে দুপুরে পবন চৌধুরী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।