অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সিলেটে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) হবে বিভাগের চার জেলার সংযোগস্থল শেরপুরে। সেখানে ইকোনমিক জোন হলে সড়ক ও নৌ-যোগাযোগের বেশি সুবিধা হবে।’সিলেটের যোগাযোগ-ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আমলে নেওয়া উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা নিয়ে আয়োজিত এক সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে এ সভা হয়। সভায় অর্থমন্ত্রী ছাড়াও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, রেললাইনকে আরও আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বক্তৃতায় বলেন, অর্থমন্ত্রী সিলেটের যে কয়টি প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন একটি প্রকল্প ছাড়া তার সবগুলোই অনুমোদন করা হয়েছে। শুধু আম্বরখানা-বিমানবন্দর বাইপাস সড়ক চা-বাগানের ভেতর দিয়ে নির্মাণ করতে হবে। এটি ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ছাড়পত্রের জন্য আটকে আছে। ছাড়পত্র পেলেই কাজ শুরু হবে। সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিমের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ রোকেয়া বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, সহসভাপতি আবদুজ জহির চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৬৯তম শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।