বিশেষ আইনে যুদ্ধাপরাধের বিচারের কথা তুলে ধরেন বিচারপতি দেবেশ ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার যে বিশেষ আইন ও আদালতে করতে হবে, তা প্রথম তুলে ধরেছিলেন বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য। হিন্দু নারীদের পারিবারিক অধিকার প্রতিষ্ঠাসহ একই ধরনের দেওয়ানি কার্যবিধি প্রণয়নের জন্য যিনি আন্দোলন শুরু করেছিলেন, তিনি দেবেশ ভট্টাচার্য। মুক্তিযুদ্ধসহ দেশের সব প্রগতিশীল আন্দোলনেও তিনি পেছনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
রাজনীতিক, সাংবাদিক, লেখক, নারীনেত্রীরা এভাবেই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের স্মৃতিচারণা করেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল শনিবার তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ।
আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আইনজীবী হিসেবে বিচারপতি দেবেশ ভট্টাচার্য অসংখ্য মানবাধিকার-সংক্রান্ত মামলা পরিচালনা করেছেন। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের যে ৩১ জন নাগরিক একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পেশ করেছিলেন, তিনি ছিলেন তাঁদের একজন।
নৃত্যনন্দনের শিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে গতকাল আলোচনা সভা শুরু হয়। পরে দেবেশ ভট্টাচার্যের জীবনী তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তিনি বলেন, ১৯৭২ সালে দেবেশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ও ১৯৭৫ সালে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।
প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য দেবেশ ভট্টাচার্যের ভাবনার কথা তুলে ধরেন প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লড়াই—সব ক্ষেত্রে দেবেশ ভট্টাচার্য নেপথ্যের ব্যক্তি হিসেবে কাজ করেছেন। বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের যে আন্দোলন এখনো চলছে, বিচারপতি দেবেশ ভট্টাচার্যকে সেই আন্দোলনের অভিভাবক ও শিক্ষক বলে উল্লেখ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর। তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হতে হবে—এ ধারণা তৈরি করেছিলেন দেবেশ ভট্টাচার্য। ওই সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ১৯৭৩ সালের আইনে এই বিচার হতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে বিচারপতি দেবেশ ভট্টাচার্য নারী অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। বাংলাদেশের নারী আন্দোলন তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। কিন্তু তিনি যে জায়গাগুলোতে দাঁড়িয়ে ছিলেন, সে জায়গাগুলো আজও দুর্বল। জাতীয় রক্ষীবাহিনী নিয়ে বিচারপতি দেবেশ ভট্টাচার্যের ঐতিহাসিক রায়ের কথা তুলে ধরে সাবেক রাষ্ট্রদূত আনোয়ার-উল-আলম বলেন, ‘আমি তখন রক্ষীবাহিনীর উপপরিচালক ছিলাম। ওই রায় শুধু রক্ষীবাহিনী নয়, পুরো বাংলাদেশ সরকারকে কাঁপিয়ে দিয়েছিল।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে যাঁরা পেছন থেকে নানা ভূমিকা পালন করেছেন, দেবেশ ভট্টাচার্য ছিলেন তাঁদেরই একজন। নারী আন্দোলনের নেত্রী অধ্যাপক মালেকা বেগম বলেন, একই ধরনের দেওয়ানি কার্যবিধি ও হিন্দু নারীদের পারিবারিক অধিকার প্রতিষ্ঠার লড়াই শুরু করেছিলেন দেবেশ ভট্টাচার্য। কিন্তু ওই অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। হিন্দু নারীদের পারিবারিক অধিকার আজ ভূলুণ্ঠিত।
শিক্ষাবিদ অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী, শিল্পপতি লুৎফর রহমান প্রমুখ।