বিশেষ আনসারদের বেতন এক হাজার টাকা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ আনসার (আত্মসমর্পণকারী সাবেক চরমপন্থী) সদস্যদের বেতন এক হাজার টাকা বাড়ানো হচ্ছে। তবে তাঁদের চাকরি স্থায়ী করা হবে না। অন্য কোথাও পুনর্বাসন না করা পর্যন্ত বর্তমান পদ্ধতিতে চাকরি বহাল রাখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত সপ্তাহে বিশেষ আনসারদের বেতন বাড়ানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে বলে সূত্র জানিয়েছে।বর্তমানে বিশেষ আনসাররা পুলিশের সহযোগী হিসেবে কাজ করে প্রতিদিন বেতন পান ১৮০ টাকা। সে হিসাবে মাসে পান পাঁচ হাজার ৪০০ টাকা। এক হাজার টাকা বাড়লে তাঁদের বেতন হবে ছয় হাজার ৪০০ টাকা। সাধারণ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা বেতন পান সাত হাজার ২০০ টাকা।গত বছরের ১৬ মে এক আদেশে বেতনকাঠামো-বহির্ভূত আনসার ও ভিডিপি সদস্যদের ভাতা ৩০ শতাংশ বাড়ানো হয়। বিশেষ আনসাররা এ সুবিধা পাচ্ছেন না।এ প্রসঙ্গে রাজধানীর কোতোয়ালি থানায় কর্মরত বিশেষ আনসার আবদুল আলিম প্রথম আলোকে বলেন, বেতন এক হাজার টাকা বাড়ালেও বৈষম্য থাকবে। তিনি বলেন, অন্যরা সাত হাজার ২০০ টাকা বেতন ও ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাই বিশেষ আনসাররা এখনো পিছিয়ে থাকবেন।১৯৯৯ সালে সরকারের আহ্বানে আত্মসমর্পণকারী বিভিন্ন চরমপন্থী দলের দুই হাজার ১২৬ জন সদস্যের মধ্য থেকে বাছাই করে ৭৮৬ জনকে পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের উল্লেখ করা হয় ‘বিশেষ আনসার’ হিসেবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা সূত্র জানায়, বিশেষ আনসারদের বেতন বাড়ানোর পাশাপাশি চাকরি শেষে প্রত্যেককে এককালীন আড়াই লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র জানায়, বর্তমানে কর্মরত বিশেষ আনসারের সংখ্যা ৪৮৫। তাঁরা থানার সমন পৌঁছানো ও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সাধারণ পুলিশ সদস্যের মতো দায়িত্ব পালন করছেন। বিশেষ আনসারের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা ছিল, প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরিসহ তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করার। আনসার ও ভিডিপি অধিদপ্তর এ ব্যাপারে জানিয়েছে, বিধিগত বাধ্যবাধকতার জন্য বিশেষ আনসারদের অধিদপ্তরের আওতায় বা অন্যত্র নিয়মিত পদে নিয়োগের ক্ষেত্রে সমস্যা রয়েছে। অনেকেরই সরকারি চাকরির বয়স পার হয়ে গেছে। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, বিশেষ আনসারদের বৈদেশিক কর্মসংস্থান বা আর্থিক সুবিধা দিয়ে পুনর্বাসন করাটাই শ্রেয়।আনসার-ভিডিপির উপমহাপরিচালক এ কে এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশেষ আনসারদের নিয়ে অনেক সমস্যা রয়েছে, এটা ঠিক। কিন্তু সরকারের এ উদ্যোগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিশেষ আনসার সদস্যরা যেহেতু ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কিত, সেহেতু সরকার তাঁদের পুনর্বাসন ও আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’