বিশেষ ক্ষমতা আইনে মামলা আসামি ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি জাহাজে অবৈধভাবে জ্বালানি সরবরাহের চেষ্টার ঘটনায় ১২ ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পতেঙ্গা থানার পুলিশ। গত বুধবার পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ছায়েম মামলাটি করেন। এর আগে ২১ জুলাই সাড়ে ৭৩ লাখ টাকার জ্বালানিসহ একটি ট্যাংকার পুলিশ জব্দ করে।আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম, মো. জসীমউদ্দীন, আরফাতুল হক চৌধুরী, মো. ফারুক আজম প্রমুখ। তাঁদের বিরুদ্ধে বিদেশি জাহাজে জ্বালানি পাচার করার চেষ্টার অভিযোগ আনা হয়। এই অপরাধে তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।বন্দর অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘বিদেশি জাহাজে ফার্নেস তেল ও ডিজেল বাংকারিংয়ের চেষ্টার অভিযোগে সাড়ে ৭৩ লাখ টাকার জ্বালানিসহ আমরা একটি ট্যাংকার জব্দ করি। এ সংক্রান্তে ব্যাপক তদন্ত হয়। তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহের এখতিয়ার কেবল যমুনা অয়েল কোম্পানির। ব্যক্তিগত উদ্যোগে কেউ বিদেশি জাহাজে জ্বালানি তেল বাংকারিং করার চেষ্টা করলে তা হবে অবৈধ কাজ এবং অন্যায়। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।’ প্রসঙ্গত, যমুনা অয়েল কোম্পানি অজ্ঞাত কারণে বিদেশি জাহাজে গত দেড় বছর ধরে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ রেখেছে। এতে সরকার কোটি কোটি ডলার আয় থেকে বঞ্চিত হচ্ছে।