সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নকল স্যালাইন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী আহম্মদ ও ব্যবস্থাপক মামুন আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুজনকে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
গোয়েন্দা পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের জালালবাদ থানা এলাকার মইয়ারচরে নকল স্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় নকল স্যালাইন তৈরির উপকরণসহ ৫০ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ২৫ হাজার প্যাকেট টেস্টি স্যালাইন ও কারখানার যন্ত্র জব্দ করে পুলিশ। মইয়ারচর এলাকায় একটি বাড়িতে ‘বায়ো-ন্যাচারালাল ফুড-সিলেট’ নামের কারখানা খুলে এই নকল পণ্য তৈরি করা হয়।
সিটিএসবির অতিরিক্ত উপকমিশনার সরকার ওমর ফারুক জানান, আলী আহমদের বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। প্রায় এক বছর হয় তিনি সিলেটে অবস্থান করে নকল কারখানা স্থাপন করেন। তাঁর এ কাজে সিলেট সদর উপজেলার নাজিরেরগাঁওয়ের মামুন আহমদ সহযোগিতা করেন। খাবার স্যালাইন ছাড়াও কারখানায় শক্তিবর্ধন বড়ি ‘এনার্জি ক্যাপসুল’ তৈরির উপকরণসহ বিভিন্ন ব্র্যান্ডের আট হাজার নকল মোড়ক পাওয়া গেছে। এগুলো মামলার আলামত হিসেবে সংরক্ষণে রাখা হয়েছে।