বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৭ দিনের রিমান্ডে নাউমি

রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় মিলহানুর রহমান নাউমিকে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মাদ আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করে আসছে। তবে এই আসামি ও ছাত্রনামধারী অজ্ঞাত ব্যক্তিরা সরকার উৎখাত করার লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসেছে। আসামি মিলহানুর রহমান ঢাকার শাহবাগে জানমালের ক্ষতি করার জন্য কুমিল্লা থেকে দুষ্কৃতকারীদের প্রবেশ ঘটিয়েছেন। রিমান্ড আবেদনে আরও বলা হয়, ৪ আগস্ট শাহবাগে অনুপ্রবেশকারীরা ব্যাপক ভাঙচুর করেছে। পরে গতকাল মিলহানুরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, ৩ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামি মিলহানুরের নির্দেশ ও অর্থায়নে অজ্ঞাত আসামিরা ঢাকায় চলে এসে শাহবাগ মোড়ে গাড়ি ভাঙচুর করে। এই ধ্বংসাত্মক কাজে কারা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য আসামিকে রিমান্ডে নেওয়া জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন। শুনানি শেষে আদালত আসামি মিলহানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি তদন্ত করছেন ডিবির পুলিশ পরিদর্শক আনিছুর রহমান।