বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। বিলে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আগের মতো ১৮ বছর রাখা হলেও বিশেষ ক্ষেত্রে আদালতের নির্দেশ নিয়ে এবং মা-বাবার সমর্থনে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর।
গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত এই আইন পাস হলে ব্রিটিশ আমলে প্রণীত চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন্ট অ্যাক্ট, ১৯২৯ বাতিল হয়ে যাবে।
বিলে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মাতা-পিতার সম্মতিতে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়ায় বিয়ে হলে তা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না। অবশ্য বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিধান বাতিলের দাবি করে বলেছে, এটি বাল্যবিবাহকে উৎসাহিত করবে।
বিলে বলা হয়েছে, কোনো অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে সে সর্বোচ্চ ১৫ দিনের আটকাদেশ বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের সম্মুখীন হবে। বাল্যবিবাহের সঙ্গে সংশ্লিষ্ট পিতা-মাতাসহ অন্যদের সর্বোচ্চ দুই বছর থেকে সর্বনিম্ন ছয় মসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা দণ্ডের বিধান রাখা হয়েছে। আগের আইনে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান ছিল। নারীর ক্ষেত্রে এই অপরাধে কারাদণ্ডের বিধান ছিল না। বাল্যবিবাহ পরিচালনা বা সম্পাদনের ক্ষেত্রে আগের আইনে সর্বোচ্চ এক মাসের জেল ও এক হাজার টাকার জরিমানার বিধান ছিল। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ দুই বছর থেকে সর্বনিম্ন ছয় মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বাল্যবিবাহ নিবন্ধকের জন্য একই শাস্তির পাশাপাশি সনদ বাতিলের বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মেহের আফরোজ বলেন, বাল্যবিবাহ সারা বিশ্বের জন্য একটি উদ্বেগের বিষয়। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এ সমস্যাটি ভয়াবহ আকার ধারণ করেছে। বাল্যবিবাহ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
একটি বাড়ি একটি খামার প্রকল্প অব্যাহত রাখতে বিল পাস: একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মসূচি অব্যাহত রাখতে পল্লী সঞ্চয় ব্যাংক আইন সংশোধন করে গতকাল জাতীয় সংসদে বিল পাস হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। গত মঙ্গলবার বিলটি সংসদে উত্থাপিত হয়।