বিশেষ জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো ধরনের উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘সামগ্রিক উন্নয়ন যদি নিশ্চিত করতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এবং মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে পিছিয়ে পড়া মানুষের যেসব অধিকার রয়েছে, তার বাস্তবায়ন করতে হবে। তবে এ ব্যাপারে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিশ্ব মর্যাদা দিবস উপলক্ষে আয়োজিত হরিজন-দলিত সমাবেশে শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। সমাবেশে হরিজন-দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে অবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি জানানো হয়।
হরিজন সম্প্রদায়ের বৈষম্য বিলোপ আইনের একটি খসড়া আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জমা দেওয়া প্রসঙ্গে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আপনারা জানিয়েছেন যে আইনমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন। অচিরেই এ বিষয়ে আমি তাঁর সঙ্গে আলাপ করব। অগ্রগতি কতখানি সেটা জানব। তারপর সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যাবে।’
সমাবেশে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস। তিনি বর্ণবৈষম্য বিলোপ আইন প্রণয়ন, চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা চালু, দলিত নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারপ্রতিষ্ঠানে আসন সংরক্ষণ, জাতীয় দলিত কমিশন গঠন এবং সরকারের উন্নয়ননীতিতে দলিত-হরিজনদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক অশোক দাস বলেন, দলিত সম্প্রদায়ের প্রতি জন্ম থেকে বৈষম্য শুরু হয়। এরপর স্কুল-কলেজে। এমনকি মৃত্যুর পরও তাকে বৈষম্যের শিকার হতে হয়। এ জন্য অবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি জানান তিনি।
হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল দাসের সভাপতিত্বে সমাবেশে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, হরিজন ঐক্য পরিষদের নেত্রী সুচিত্রা রানী দাস প্রমুখ বক্তব্য দেন।