
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ এক নারীকে নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন তাঁর স্বজনেরা। স্বজনদের প্রশ্ন করে কর্তব্যরত চিকিৎসক জানতে পারলেন, পারিবারিক কলহের জের ধরে প্রায় এক ঘণ্টা আগে তিনি ঘরে রাখা ইঁদুর মারার ওষুধ খেয়েছিলেন। চিকিৎসক দেরি না করে ওই বিভাগেরই ‘স্টমাক ওয়াশ’ কক্ষে পাঠিয়ে দিলেন তাঁকে।
প্রায় ২০ মিনিট স্টমাক ওয়াশ বা ‘পাকস্থলী সাফাই’ কক্ষে ওই নারীর চিকিৎসা হয়। তারপর তাঁকে মেডিসিন বিভাগের ৮০২ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে তিনি স্বজনদের সঙ্গে রাজধানীর বাসাবো এলাকায় নিজের বাসায় ফিরে যান।
বাসায় যাওয়ার আগে ওই নারীর খালাতো ভাই ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মেডিকেল হাসপাতালে এলে কিছু একটা হবে এই আশা আমাদের ছিল। কিন্তু কীটনাশক খাওয়া একজন রোগীকে এত তাড়াতাড়ি সুস্থ করে বাসায় নিতে পারব এটা ভাবিনি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন জরুরি বিভাগে গড়ে প্রায় দেড় হাজার রোগী আসে। এদের মধ্যে ১৫ থেকে ২০ জন রোগী আসে পাকস্থলীর জরুরি সমস্যা নিয়ে। এরা কেউ বিষ খাওয়া, কেউ ভুল ওষুধ খাওয়া। এদের মধ্যে শিশুও থাকে, বৃদ্ধও থাকেন। জীবন বাঁচাতে এদের পাকস্থলী দ্রুত পরিষ্কার করার দরকার হয়।
চিকিৎসকেরা বলছেন, সাধারণত অতিরিক্ত বা বিষাক্ত মদ বা কোমল পানীয় পান, কীটনাশক বা ঘুমের ওষুধ খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মানুষ মারা যায়। দ্রুত যদি বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করা সম্ভব হয় তাহলে ঝুঁকি কমে যায়। মোস্তাফিজুর রহমান বলেন, ‘কিছুদিন আগে তিন বছরের এক শিশুকে এনেছিলেন তার মা-বাবা। শিশুটিকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছিল। শিশুটিকে সুস্থ করতে পেরেছিলাম।’
মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের হঠাৎ সমস্যায় পড়া রোগীরা কোথায় যাবে অনেক মানুষ তা জানেন না। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে জরুরি বিভাগে এসব রোগীর জন্য পৃথক ব্যবস্থা করেছে। এর জন্য পৃথক একদল দক্ষ কর্মী আছেন। তাঁরা পালা করে ২৪ ঘণ্টা এই বিশেষ সেবা দেন।
খুলনা ও বরিশালের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি জেলা বা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের রোগীকে সেবা দেওয়া হয় সাধারণত মেডিসিন ওয়ার্ডে। কিন্তু ঢাকা মেডিকেলের স্টমাক ওয়াশ কক্ষের মতো সম্পূর্ণ পৃথকসেবার আয়োজন আর কোথাওনেই।
গতকাল শনিবার বেলা দেড়টায় বিষপান করা এক কিশোরীকে নিয়ে তার আত্মীয়রা হাজির হন। কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) তাকে প্রাথমিক পরীক্ষা করে স্টমাক ওয়াশ কক্ষে পাঠিয়ে দেন। ওই কিশোরী সুস্থ হয়ে গতকালই বাসায় ফিরে গেছে।