বিশেষ ট্রাইব্যুনাল চান নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের নামে যারা সাধারণ মানুষকে খুন করেছে, তাদের বিচারে বিশেষ ট্র্যাইব্যুনাল চান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘খুনের হুকুমদাতার যদি বিচার হয়, সাজা হয়, তাহলে আপনি (খালেদা জিয়া) যে খুনের হুকুম দিয়েছেন, তার বিচার হবে না কেন? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব, স্পেশাল ট্র্যাইব্যুনাল করে যারা আন্দোলনের নামে সাধারণ মানুষকে খুন করেছে, তাদের বিচার করুন।’
গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরে নতুন নির্মিত কাস্টমস অকশান শেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমদ।
শাজাহান খান বলেন, ‘এত উন্নয়নের পরও খালেদা জিয়া উন্নয়ন দেখেন না। উনার চোখে ছানি পড়েছে। উনি দেখেন খালি ষড়যন্ত্র, চক্রান্ত, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ।’
সাংসদ এম এ লতিফ বন্দর সম্প্রসারণে লালদিয়া বাল্ক টার্মিনাল ও বে টার্মিনাল নির্মাণের তাগিদ দেন।
রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে জেটি এলাকায় এত দিন নিলামযোগ্য পণ্য রাখা হতো। এ জন্য বন্দর এলাকায় পাঁচ একর জায়গায় শেড নির্মাণ করা হয়েছে। ফলে বন্দর চত্বরে এখন আর নিলামযোগ্য পণ্য রাখা হবে না।
কাস্টমস কমিশনার হোসেন আহমদ বলেন, গত অর্থবছর ২৭ হাজার ২৪৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস। এই রাজস্ব আদায়ের বড় কৃতিত্ব চট্টগ্রাম বন্দরের।
অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা মন্ত্রীকে প্রশ্ন করেন, মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন, মাফিয়া চক্রের ষড়যন্ত্রের মধ্যে পড়ে বন্দরে কোকেন আমদানি হয়েছে। অদক্ষ লোকদের হাতে পড়ে জাহাজের অবস্থান সময় বেড়েছে, কনটেইনারজট বেড়েছে। এই অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, মাদক বিদেশ থেকে আসছে। এর মূল হোতা লন্ডনে। তা চিহ্নিত হয়েছে। আর কনটেইনারজট হওয়ার মূল কারণ বন্দর দিয়ে কনটেইনার পরিবহনের হার অনেক বেড়েছে।
গভীর সমুদ্রবন্দর সোনাদিয়ায় না হওয়ায় চট্টগ্রামের সঙ্গে প্রতারণার বিষয়ে মন্ত্রী বলেন, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাতিল হয়নি। এত বড় প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ দরকার। এটা করতে সময় লাগবে বলে পায়রা বন্দর নির্মাণে হাত দেওয়া হয়েছে।
এর আগে মহেশখালের ওপর বাঁধ নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। আগ্রাবাদ, হালিশহর এলাকার আট লাখ বাসিন্দার দুর্ভোগ কমাতে সাময়িকভাবে এই বাঁধ নির্মাণ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।