বিশেষ ট্রাইব্যুনালে সামিউল হত্যার বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বাদেয়ালি গ্রামে গতকাল হাজির হন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় সামিউলের মা তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন l ছবি: প্রথম আলো
সিলেটের বাদেয়ালি গ্রামে গতকাল হাজির হন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় সামিউলের মা তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন l ছবি: প্রথম আলো

শিশু সামিউল হত্যা মামলার বিচারকাজ বিশেষ ট্রাইব্যুনালে অথবা দ্রুত বিচার আইনের মাধ্যমে তাড়াতাড়ি শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল বুধবার বেলা পৌনে দুইটায় সিলেট সদর উপজেলার বাদেয়ালি গ্রামে সামিউলের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের এ আশ্বাস দেন। এ সময় অনুদান হিসেবে সামিউলের বাবা-মাকে এক লাখ টাকার চেক দেন প্রতিমন্ত্রী।
একই সময়ে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন সামিউলের ছোট ভাই শেখ সামিউল আলম সাজনের পড়াশোনার জন্য প্রতি মাসে দুই হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। সাজন অনন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসীর উদ্দেশে মেহের আফরোজ বলেন, সামিউলের মতো একটি নিরপরাধ শিশুকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার হত্যাকারীরা সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দিতে ভিডিও করেছে। হত্যাটাকে তারা আনন্দ হিসেবে নিয়েছে। এই পিশাচদের কোনো মাফ নেই। তবে বিকৃত রুচির মানুষ সব জায়গায়ই আছে। এদের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। সেদিন একজন মানুষও যদি এ ঘটনার প্রতিবাদ করত, তাহলে হয়তো এ ঘটনা ঘটত না।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে আমি এখানে এসেছি। মানুষ কত পাষণ্ড হলে একটা শিশুকে এমন নির্মমভাবে হত্যা করতে পারে! এ রকম ঘটনাকে বরদাস্ত করার কোনো সুযোগ নেই।’
সামিউল হত্যাকাণ্ডের বিষয়টি আড়াল করতে কয়েকজন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় কোনো পুলিশ খুনিদের আড়ালের চেষ্টা করেছে এমন প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সামিউলের পরিবারের পক্ষ থেকে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় একজনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বেলা তিনটার দিকে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। সভায় সাংসদ মাহমুদ উস সামাদ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ, পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ বক্তব্য দেন।
সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের চেষ্টা আমরা করব। এর ফলে ৯০ দিনের মধ্যে এই মামলার বিচার হবে, রায় হবে এবং রায় কার্যকর হবে। এ মামলার সবচেয়ে বড় সত্য হলো, যারা আসামি তারা নিজেরাই নিজেদের বন্দী করার সুযোগ তৈরি করে দিয়েছে ভিডিওচিত্র ধারণ করার মাধ্যমে।’