বিশেষ ট্রেনে চড়ে প্রায় ১ হাজার গরু–ছাগল ঢাকায় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বাসস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে চড়ে ঢাকায় এসেছে প্রায় এক হাজার গরু ও ছাগল। এতে ভাড়া আদায় হয় ৪ লাখ ৪০ হাজার ২৩০ টাকা।

রেলওয়ের পূর্বাঞ্চল জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি ট্রেন এবং পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেনে করে কোরবানির এসব পশু ঢাকায় আসে।

ক্যাটল স্পেশাল প্রথম ট্রেনের প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা দুইটায় ছেড়ে ইসলামপুর বাজার হয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছে।
ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগনের প্রতিটিতে ১৬টি করে ২৮৮টি গরু, আর ইসলামপুর বাজার থেকে ৭টি ওয়াগনে ১১২টি গরু নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে।

এ দুটি ট্রেনে গরু আসে ৮০০টি এবং ভাড়া আদায় হয় ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।

এ ছাড়া পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বড়াল ব্রিজ থেকে ৩৬টি গরু ও ১৬০টি খাসি নিয়ে বুধবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছে আরেকটি ট্রেন। এ ট্রেন থেকে ভাড়া আদায় হয় ৪২ হাজার ১২০ টাকা।