প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অব্যাহতি চাইলেন তাঁর দলেরই সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ফিরোজ রশীদ স্পিকারের উদ্দেশে বলেন, ‘আমরা কি সত্যিকারের বিরোধী দল? মানুষ প্রশ্ন করে আমাদের কাছে।’
কাজী ফিরোজ রশীদ এবং সরকারি দলের আবুল কালাম আজাদ যেসব সাংসদ ঢাকায় এখনো প্লট পাননি, তাঁদের প্লট দেওয়ার জন্য জোর দাবি জানান।
ফিরোজ রশীদ বলেন, ‘মানুষ আমাদের বিরোধী দল মনে করে না। কারণ, আমার দলের চেয়ারম্যান মন্ত্রীর মর্যাদায় রয়েছেন। এটা থেকে রেহাই চাই। জাতীয় পার্টি একটি বড় দল। আমাদের দলটাকে বাঁচতে দিন।’
ফিরোজ রশীদের বক্তব্যের সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ অধিবেশনকক্ষে ছিলেন না।
‘হাইব্রিড’ নেতারা আওয়ামী লীগকে ধ্বংস করছে মন্তব্য করে জাতীয় পার্টির এ নেতা বলেন, আওয়ামী লীগের নৌকায় এখন রোহিঙ্গা ঢুকে গেছে। তারা আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগার হয়ে গেছে। এরাই অশান্তি সৃষ্টি করে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।
পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাৎসি ও গোয়েবলসীয় কায়দায় দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যাচার করেছেন। গতকাল সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ করেন। ভারতীয় পত্রিকা সানডে গার্ডিয়ান-এ প্রকাশিত খালেদা জিয়ার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সাক্ষাৎকারে খালেদা জিয়া অভিযোগ করেছেন, আমি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলাম। আমি বেগম জিয়ার এই দায়িত্বজ্ঞানহীন অভিযোগের নিন্দা জানাই।’
মন্ত্রী বলেন, ‘৫ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বেগম জিয়ার সাক্ষাৎ হবে কি না। উত্তরে আমি বলেছিলাম, এই প্রশ্নের আলোচনার এখানে কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু এ বক্তব্যকে বিকৃত করে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।’