প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়স কমানো-সংক্রান্ত বিশেষ ধারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন শিক্ষাবিদ, আইনজীবী ও নারী অধিকার কর্মীরা। তাঁরা এই বিশেষ ধারাটি বাতিলের দাবিও জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা মহানগর শাখা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
‘বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৬’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে গত ৮ ডিসেম্বর। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গত নভেম্বরে মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে বিশেষ প্রেক্ষাপটে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ নিয়ে এবং মা-বাবার সমর্থনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রাখা হয়েছে আইনের বিশেষ ধারায়।
ওই বিশেষ ধারা বাতিলের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা মহানগর শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৌলবাদী বিশেষ গোষ্ঠীকে ছাড় দিতেই বিশেষ ধারার মাধ্যমে সরকার বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার চিন্তা করছে। তিনি বলেন, বিদ্যাসাগরের আমলে বাল্যবিবাহ নিরোধের আন্দোলন হয়েছে। ব্রিটিশ আমলেও বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ ছিল। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বাল্যবিবাহের বিশেষ ধারা বাতিলে এনজিওগুলোর আন্দোলন থেমে গেছে, তারা আরও চুপ মেরে যাবে। এখন প্রয়োজন রাজনৈতিক আন্দোলন।
বর্তমানে অনেক কিশোরী নিজে নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করছে উল্লেখ করে সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সমাজ অগ্রসর হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব একটি সমর্থন বলয় তৈরি করা। তা না করে যে মেয়েরা লড়াই করছে, সরকার তাদের বিরুদ্ধে আইনি অস্ত্র ব্যবহার করছে। তিনি প্রশ্ন করেন, উন্নয়নের মহাসড়কে গিয়ে সরকারের পা কেন পেছন দিকে যাচ্ছে? ধর্ষণ হচ্ছে বলে বখাটের কাছে বিয়ে দিতে হবে?
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি সুলতানা আক্তার।
বিলিয়া মিলনাতনে আয়োজিত আলোচনা সভায় গত বছর ১৪টি জেলায় ১০ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসাইন। তিনি বলেন, জরিপে দেখা গেছে যে বিবাহিত নারীদের ৯০ শতাংশ মনে করেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন। আর ৯৪ শতাংশের মত, মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স কমপক্ষে ১৮ বছর। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জরিপটিতে বিবাহিত নারীর সংখ্যা ছিল সাত হাজারের বেশি।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা বিদ্যমান কয়েকটি আইনের সঙ্গেও সাংঘর্ষিক। এ ধরনের বিয়েতে মেয়েটির শারীরিক ও মানসিক ক্ষতি বেশ মারাত্মক।
বিয়ের ক্ষেত্রে মেয়েটিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মত দেন আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি বলেন, বিয়েটি মেয়ের, তার বাবা-মায়ের নয়। তাই আইনের এই বিশেষ ধারার পরিবর্তন দরকার।
আলোচনা সভার সঞ্চালক ব্যারিস্টার সারা হোসেন আইনটি পাস হওয়ার আগে আইনপ্রণেতাদের আরেকটু ভেবে দেখার জন্য অনুরোধ করেন।