বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা নিয়ে ভুল বার্তা দেওয়া থেকে বিরত থাকতে হবে। সরকার আইন করেছে বাল্যবিবাহ নিরোধের জন্য, বাল্যবিবাহকে উৎসাহিত করার জন্য নয়, তা মনে রাখতে হবে। নাগরিক সমাজসহ অন্যরা এ ধারার অপপ্রয়োগ নিয়ে কথা বললেও তা সঠিক নয়। বাল্যবিবাহের বিশেষ বিধান নিয়ে অপপ্রচার হয়েছে।
আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাল্যবিবাহ নিরোধবিষয়ক এক সেমিনারে সরকারের বক্তারা এসব কথা বলেন।
আইনের ১৯ ধারায় বিশেষ বিধানে বলা হয়েছে, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে বিবাহ হলে তা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না। এ ধারা নিয়ে নাগরিক সমাজ, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আইন প্রণয়নের আগে এবং পরে বারবার আপত্তি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট আয়োজিত সেমিনারে এ ইউনিট উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে যেসব কার্যক্রম পরিচালনা করছে, তা তুলে ধরেন ইউনিটের মহাপরিচালক মো. আবদুল হালিম। তিনি জানান, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাল্যবিবাহের হার (১৮ বছর বয়সের কম) ৫২ শতাংশে নেমে এসেছে, যা ২০১১ সালেও ছিল ৬৬ শতাংশ। সারা দেশে বিভিন্ন ধর্মীয় প্রথা অনুসারে বিয়ে পড়ান, এ ধরনের ব্যক্তিদের সংখ্যা ৭২ হাজার। এই ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে নিয়মনীতির আওতায় আনা গেলে বাল্যবিবাহ হওয়ার আশঙ্কা একেবারেই থাকবে না। আবদুল হালিম আইনের বিশেষ বিধান প্রসঙ্গে বলেন, এ ধারা অপ্রাপ্তবয়স্কদের জন্য রক্ষাকবচ হিসেবেই কাজ করবে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমাদের দেশে অনেক সংগঠন আছে। তারা কেউ জানতে চায় না, আপনার দেশে কতজন টিনএজ মা আছে। আইন করে বাহবা পাওয়া মূল বিষয় নয়। আমরা সবাই যদি বলতে থাকি যে আইন তো বারোটা বাজিয়ে দিয়েছে, তাহলে তো হবে না। অ্যাডভোকেসি সঠিকভাবে করতে হবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাল্যবিবাহের বিশেষ বিধান নিয়ে অপপ্রচার হয়েছে। অনেকে ‘প্রেসক্রিপশন’ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁরা তা নিজেদের দেশে বাস্তবায়ন করেন না। দ্বিমত থাকতে পারে, তবে অনেক চিন্তাভাবনা করেই আইনে এ বিধান রাখা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘সরকার বাল্যবিবাহ বন্ধের জন্যই আইন করেছে, তাই এমন কোনো বার্তা দেওয়া ঠিক হবে না, যা বাল্যবিবাহকে উৎসাহিত করে।’ তিনি জানান, কমিশনের পক্ষ থেকে বাল্যবিবাহ নিরোধ আইনের বিধিমালার একটি খসড়া তৈরি করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে জমা দেওয়া হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম জানান, সবার মতামত জানতে শিগগিরই আইনের বিধিমালার খসড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। এ বিধিমালায় অপ্রাপ্তবয়স্কদের জন্য সর্বোত্তম স্বার্থ যাচাই কমিটি নামে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি দেখবে, বিয়েটি জোরপূর্বক বা ধর্ষণের কারণে হচ্ছে না। এ বিষয়ে কোনো মামলা বিচারাধীন নেই। সর্বশেষ বিকল্প হিসেবেই আদালত তা বিবেচনা করবেন। সর্বোত্তম স্বার্থে সমীচীন হলেই আদালত বিবাহ নিবন্ধককে অনুমতি দেবেন।
নাছিমা বেগম বলেন, ‘আইনের এ ধারা নিয়ে আমরা সমাজে ভুল বার্তা দেব না। আইনের সঠিক ব্যাখ্যা দিতে হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি, এ ধারার অপপ্রয়োগ হবে না।’
সেমিনারের মুক্ত আলোচনা পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ পর্বে অ্যাকশনএইড বাংলাদেশের এ দেশীয় পরিচালক ফারাহ কবির এবং প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এ্যারোমা দত্ত সেমিনারে বক্তব্য দেন, তবে আইনের বিশেষ ধারা নিয়ে কোনো মন্তব্য করেননি।
মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ও উন্নয়নকর্মী বনশ্রী মিত্র নিয়োগী বলেন, আইনের বিধি তৈরি হওয়ার আগেই সম্প্রতি চট্টগ্রামে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামিকে জেল থেকে বের ধর্ষণের শিকার শিশুর সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, আইনসচিব আবু তালেব শেখ মোহাম্মদ জহিরুল হক, কানাডার রাষ্ট্রদূত বেনোইত পিয়েরে লারামে, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালউদ্দীন আহমদ প্রমুখ আলোচনায় অংশ নেন।