
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা আজ রোববার শেষ হয়েছে। গত ৩০ জানুয়ারি এই বইমেলার উদ্বোধন করেছিলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৩ দিনব্যাপী কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এই বইমেলায় বাংলাদেশের ৪২টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থা যোগ দেয়। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মিত হয়েছিল ৩ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে, ঢাকার আহসান মঞ্জিলের আদলে। বইমেলায় আকর্ষণের কেন্দ্রেও ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। সেরা প্যাভিলিয়নের মর্যাদাও পেয়েছে এই প্যাভিলিয়নটি। এর নির্মাণশৈলী বইপ্রেমীদের দারুণ আকর্ষণ করে। প্রতিদিনই উপচেপড়া ভিড় ছিল এই প্যাভিলিয়নে।
আজ বইমেলার শেষ দিনে প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। তবে বাংলাদেশ প্যাভিলিয়নের পরিসর কম হওয়ায় এখানে বইপ্রেমীদের বই দেখা ও কেনার সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। তাই ৩ ফেব্রুয়ারি বইমেলায় আয়োজিত ‘বাংলাদেশ দিবস’ উদ্যাপনের দিন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির ভাষণে কলকাতা বইমেলা কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছিলেন, ভবিষ্যতে বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়নের পরিসর যেন বাড়ানো হয়; যাতে করে কলকাতার বইপ্রেমীরা বাংলাদেশের বই দেখা ও কেনার সুযোগ আরও একটু বেশি পান। কর্তৃপক্ষও বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিল।
ওই দিন কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এ কথাও জানিয়ে দেয়, আগামী ২০২০ সালের বইমেলার ‘থিম কান্ট্রি’ হবে বাংলাদেশ। বইমেলায় অবশ্য এর আগে দুইবার ১৯৯৭ এবং ২০১৩ সালে থিম কান্ট্রি করা হয়েছিল বাংলাদেশকে।
বইমেলার শেষ দিনে আজ সন্ধ্যায় বইমেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সেরা প্যাভিলিয়নের পুরস্কার তুলে দেয়। এই পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস। এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দেয় ৪২টি প্রকাশনা সংস্থা।