পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭ বছর পূর্তি হচ্ছে আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে হওয়া এই চুক্তির মাধ্যমে স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়।
তবে চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার ও জেএসএস এখন মুখোমুখি অবস্থানে। সরকারের দাবি, গত ১৭ বছরে পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। আর জেএসএস বলছে, এখন পর্যন্ত চুক্তির একটি মৌলিক বিষয়ও বাস্তবায়িত হয়নি। তাদের অভিযোগ, চুক্তি অনুযায়ী ভারত থেকে ফিরে আসা শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন না করে সংরক্ষিত বন এলাকা সম্প্রসারণ ও বিজিবি ক্যাম্প স্থাপন করে আদিবাসীদের আবারও উদ্বাস্তুকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে।
জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রথম আলোকে বলেন, সরকার পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী এক যুগেরও বেশি সময় ঝুলিয়ে রেখেছে। কিন্তু আঞ্চলিক পরিষদের সঙ্গে পরামর্শ না করে মাত্র কয়েক মাসে পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধন করেছে। চুক্তিকে অবজ্ঞা করে এ ধরনের কার্যক্রমের জন্য সরকারকে ভবিষ্যতে অনেক খেসারত দিতে হবে।
এসব বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক। চুক্তিটি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই আছে।
আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করেছেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর থেকে চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতি ও আঞ্চলিক পরিষদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তারা সবকিছুতে বিরোধিতা ও অপপ্রচারের আশ্রয় নেয়।
গতকাল সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দীপংকর তালুকদার। পার্বত্য চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।