বিশেষ বরাদ্দ পাওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টিআর কর্মসূচির আওতায় স্থানীয় সাংসদের নামে বিশেষ বরাদ্দ দেওয়া গম যেসব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোর বেশির ভাগেরই কোনো অস্তিত্ব নেই। হাতে গোনা দু-একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকলেও বরাদ্দের টাকা প্রতিষ্ঠানগুলো পায়নি। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বরাদ্দের টাকা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদের নামে ২০১০-১১ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় ১৬ লাখ টাকার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ২৯টি প্রতিষ্ঠানের নামে ওই টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে শিবপুর পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, সমাজ উন্নয়ন সংস্থা, সমবায় সমিতি, মাদ্রাসা, বিদ্যালয়, শ্মশানঘাট ও মন্দিরসহ আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। বরাদ্দের টাকা উত্তোলনের শেষ তারিখ ছিল গত ২৭ জুন। ওই সময়সীমার মধ্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা টাকা উত্তোলন করে নেন।শিবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের নামে পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। কিন্তু উন্নয়ন তো দূরের কথা, বরাদ্দের ব্যাপারেই অবগত নয় মসজিদ কর্তৃপক্ষ। এ প্রকল্পের চেয়ারম্যান হিসেবে জাহাঙ্গীর মৃধা নামের এক ব্যক্তিকে দেখানো হয়েছে।ওই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন খান বলেন, বরাদ্দের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। তাঁরা মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দের কোনো টাকা-পয়সা পাননি। জাহাঙ্গীর মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ছাড়া শিবপুর গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা, শিবপুর বাজার সমবায় সমিতি, শ্রীরামপুর ঈদগাহ মাঠ, লেটাব মন্দির নামের প্রতিষ্ঠানের উন্নয়নের নামে বরাদ্দ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের কোনোটিরই অস্তিত্ব নেই। যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের লেটাব গ্রামে কোনো মন্দির এবং শ্রীরামপুর গ্রামে কোনো ঈদগাহ মাঠ নেই।এ ব্যাপারে শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুস সাত্তার খান বলেন, ‘স্থানীয় সাংসদ এ প্রকল্পের তালিকা প্রণয়ন করেন। আমরা শুধু প্রকল্প চেয়ারম্যানের মাধ্যমে বাস্তবায়ন করি। সব প্রতিষ্ঠান বা প্রকল্পে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব হয় না।’ নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঞা প্রথম আলোকে বলেন, ‘এটা তো আসলে দলের স্থানীয় নেতা-কর্মীরা করেন। হয়তো ভুল হতে পারে। পরবর্তী সময়ে এটা সংশোধনের ব্যবস্থা আমি করব।