বিশেষ বাহিনী গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসক্ষেত্র ও বিদ্যুৎকেন্দ্রে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের মাধ্যমে গ্যাসক্ষেত্র ও বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদার করার সুপারিশ করেছে।

জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং সর্বশেষ কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান ও নয় জঙ্গি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কমিটি এই সুপারিশ করেছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক সূত্র বলেছে, কমিটি মনে করে, বিদেশি বিনিয়োগ যাতে বন্ধ হয়ে যায়, সে জন্য জঙ্গিদের মূল লক্ষ্য বিদেশি নাগরিকদের হত্যা করা। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টি এবং বিদেশের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জঙ্গিরা দেশের বড় বড় স্থাপনায় নাশকতা চালাতে পারে।

বৈঠক শেষে জানতে চাইলে কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে দেশের অভ্যন্তরে জঙ্গিরা যে ধরনের তৎপরতা চালাচ্ছে, তাতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিজস্ব গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংসদীয় কমিটি বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রগুলোতে নিরাপত্তা বাড়ানো এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বাহিনী গঠন ও সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুপারিশ করেছে।

বৈঠকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে, সোনাদিয়ার গভীর সমুদ্রে অবস্থিত জাহাজ থেকে সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পটি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার পর্যায়ে আছে। বর্তমানে ছোট জাহাজের মাধ্যমে জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়। এতে সরকারের ব্যয় বেড়ে যায়।

বৈঠকে কমিটি দেশে উৎপাদিত এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) ও আমদানি করা এলপিজির দাম এক এবং সঠিক মাপ ও মান নিশ্চিত করার সুপারিশ করা হয়। এলপিজি গ্যাস উৎপাদনের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোরও সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে যেসব বেসরকারি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ আছে, সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন, এ বি এম রুহুল আমিন হাওলাদার অংশ নেন।