বিশেষ বিধান পুনর্বিবেচনা না করলে আইনের আশ্রয় নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ বিধান রেখে পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ বিলটি এখনো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে মনে করছেন নারী ও মানবাধিকারকর্মীরা। কেননা জাতীয় সংসদে বিশেষ বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল পাস হলেও এখন পর্যন্ত তাতে রাষ্ট্রপতি সই করেননি। তবে শেষ পর্যন্ত সবকিছু পাশ কাটিয়ে আইনটি যেভাবে রয়েছে, সেভাবেই বহাল রাখা হলে এই বিশেষ বিধানের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশেষ বিধান বহাল রেখে বাল্যবিবাহ নিরোধ বিল পাস হওয়ার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচকেরা এ কথা বলেছেন। সংবাদ সম্মেলনটির আয়োজন করে নারী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের চারটি জোট সামাজিক প্রতিরোধ কমিটি, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ও জাগো ফাউন্ডেশন।

গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন মহলের আপত্তির মুখে বিশেষ প্রেক্ষাপটে কম বয়সে ছেলেমেয়েদের বিয়ের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয়েছে।

সংবাদ সম্মেলনে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। লিখিত বক্তব্যে বলা হয়েছে, এ বিধানের মাধ্যমে কন্যাশিশুর বিয়ের বৈধতা দেওয়া হবে। একশ্রেণির দুর্বৃত্ত নারী নির্যাতন করেও অপরাধের শাস্তি থেকে রেহাই পেতে পারে। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নারী-পুরুষ সমতার আন্দোলনকে বাধাগ্রস্ত করবে। লিখিত বক্তব্যে বিশেষ বিধানটি বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

আলোচনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী সমিতির পক্ষ থেকে জানান, তাঁরা বাল্যবিবাহের বিরুদ্ধে একটি অ্যাকশন গ্রুপ তৈরি করেছেন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই গ্রুপ বাল্যবিবাহের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করবে। এরপর সমিতি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবে।

সালমা আলী বলেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাব, সে অধিকার আমাদের আছে। বিশেষ বিধানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেব। দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

আলোচনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, সমাজকে পেছনের দিকে ঠেলে দিতে এ আইনটি কার্যকর হবে। এতে করে হেফাজতসহ বিশেষ একটি গোষ্ঠী সন্তুষ্ট হতে পারে। কিন্তু নারী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বিশেষ বিধানসহ আইনটি কখনোই মেনে নেবে না। অভিভাবক ও আদালতের অনুমতিতে বিশেষ পরিস্থিতিতে যে শিশুর বিয়ের কথা বলা হচ্ছে, তার কোনো মতামত নেওয়ার কথা বলা হয়নি। এটি শিশু অধিকারের চরম লঙ্ঘন। ধর্ষণের শিকার শিশুকে ধর্ষণকারীর সঙ্গে বিয়ে দিয়ে তাকে প্রতিনিয়ত ধর্ষণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে আইনে।