বিশেষ বিধান বাদ দিয়ে আইন পাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া থেকে মেয়েদের বিয়ের বয়স কমানো সংক্রান্ত বিশেষ বিধান বাদ দিয়ে আইন পাস করার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৬৯টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার জন্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি জানানো হয়েছে। তারপরও মন্ত্রিসভায় বিশেষ ধারাসহ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। এ বিশেষ ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গত ২৪ নভেম্বর ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। তাতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হলেও বিশেষ ক্ষেত্রে যেকোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে বিয়ে হতে পারবে বলে বিশেষ বিধান রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, বিশেষ বিধানে শিশুর যে সর্বোত্তম স্বার্থের কথা বলা হচ্ছে, সেই সর্বোত্তম স্বার্থ কি শিশুকে বিয়ে দিয়ে দেওয়া? স্কুল থেকে ঝরে যাওয়া?’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, বিশেষ বিধান বহাল রেখে সমগ্র নারী সমাজকে হেয় করা হয়েছে। আর এ ধারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ কোনো কিছুর সঙ্গেই সংগতিপূর্ণ নয়। এটা অনভিপ্রেত। তিনি বলেন, সরকারি হিসাব বলছে, মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়ার হার ৪০ শতাংশ, এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। বিশেষ ধারা বহাল রাখা হলে ঝরে পড়ার হার আরও বাড়বে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, পাচারের শিকার বা যৌনপল্লি থেকে যাদের উদ্ধার করা হয়, তাদের বেশির ভাগই ছিল বাল্যবিবাহের শিকার। বিশেষ বিধান থাকলে এর অপব্যবহার হবে।
কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার দিলীপ কুমার সরকার। বক্তব্য দেন উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা, আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক রওশন জাহান পারভীন, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার তাহমিনা ইয়াসমিন প্রমুখ।