বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি হাসপাতালের শূন্যপদে চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের জন্য কমিটির পক্ষ থেকে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা মন্ত্রণালয়কে কমিটির আগামী বৈঠকে জানাতে বলা হয়েছে। বৈঠকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের নিয়মিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সদস্য মুরাদ হাসান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের অসংখ্য পদ শূন্য থাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কমিটির মতে, এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য শূন্যপদে নিয়োগ দিতে হবে এবং এ জন্য বিশেষ বিসিএসের বিকল্প নেই। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আলোচনা হয়। কমিটি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালককে দায়িত্ব দিয়েছে। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, নাজমুল হাসান, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী উপস্থিত ছিলেন।