বিশেষ ব্যবস্থায় সেই ছাত্রী পরীক্ষা দিচ্ছে
নাটোরের নলডাঙ্গা উপজেলার সূর্যবাড়ি-বনগ্রাম দাখিল মাদ্রাসার ছাত্রী চামেলী ইয়াসমিন অবশেষে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে। বোর্ড থেকে বিশেষ ব্যবস্থায় তাকে প্রবেশপত্র সরবরাহ করায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।
নলডাঙ্গা উপজেলা পরিষদ সূত্র জানায়, নিবন্ধন ও ফরম পূরণ করার পরও বোর্ডের খামখেয়ালিপনা ও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারণে সূর্যবাড়ি-বনগ্রাম দাখিল মাদ্রাসার ছাত্রী চামেলী ইয়াসমিনের দাখিল পরীক্ষার প্রবেশপত্র আসেনি। ভুলক্রমে মাগুরার শালিখা উপজেলার কোটভাগ দাখিল মাদ্রাসার তালিকায় চামেলীর নাম নিবন্ধিত হয়। ওই ঠিকানায় তার প্রবেশপত্র চলে যায়।
এ ব্যাপারে ১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা অনিশ্চিত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এরপর স্থানীয় প্রশাসন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করে বিশেষ ব্যবস্থায় তার প্রবেশপত্র সংগ্রহ করে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার তাঁর নিজ কার্যালয়ে চামেলীর হাতে এই প্রবেশপত্র হস্তান্তর করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোগরিব হোসেন, মাদ্রাসা সুপার হাফিজুর রহমান ও চামেলীর বাবা আলাউদ্দিন সরদার উপস্থিত ছিলেন।