জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী মধুসূদন ঘরামী (৮১) তাঁর অসমাপ্ত সাক্ষ্য আজ বুধবার বিশেষ ব্যবস্থায় শেষ করবেন। শারীরিক অসুস্থতার জন্য গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর সাক্ষ্য দেওয়া শেষ হয়নি।বেলা ১১টার দিকে মধুসূদনের জবানবন্দি নেওয়া শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। সে সময় তাঁর বয়স ছিল আনুমানিক ৩৮ বছর। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে রাষ্ট্রপক্ষ জবানবন্দি স্থগিত রাখার আরজি জানায়। আসামিপক্ষ এতে সম্মতি জানালে ট্রাইব্যুনাল আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।মধুসূদনের সাক্ষ্য কীভাবে নেওয়া হবে—কার্যক্রম মুলতবির পর এ বিষয়ে ট্রাইব্যুনালের সঙ্গে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আলোচনা করে। পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ সাংবাদিকদের জানান, এজলাসে সিকবেডে ও চিকিৎসকের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় বুধবার মধুসূদনের সাক্ষ্য নেওয়া হবে।