বিশেষ ভিজিএফের চাল ঈদের পর উত্তোলন!
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা নীতিমালা লঙ্ঘন করে ঈদুল ফিতরের জন্য আসা বিশেষ ভিজিএফের চাল ঈদের পর উত্তোলন করেছেন। আর ঈদের আগে চাল না পাওয়ায় গরিব-দুস্থ ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়নের ২৫ হাজার ৬৫২ জন গরিব, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে বিতরণের জন্য (প্রত্যেককে ১০ কেজি করে) ভিজিএফের মোট ২৫৬ দশমিক ৬২০ টন চাল বরাদ্দ আসে। এ জন্য গরিব, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা তৈরি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন ভিজিএফ কমিটিকে দায়িত্ব দেন।তালিকা নিয়ে ভিজিএফ কমিটি ও চেয়ারম্যানদের মধ্যে শুরুর দিকে দর-কষাকষির কারণে চাল উত্তোলনের প্রক্রিয়া বিলম্বিত হয়। তবে গত বৃহস্পতিবার আকস্মিকভাবে চেয়ারম্যানরা ইউএনওর ১৭ আগস্টের সই করা একটি চিঠি পেয়ে খাদ্যগুদাম থেকে চাল তোলা শুরু করেন। তবে ওই দিন সরকারি ছুটি থাকলেও কীভাবে চিঠিতে সই করা হলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৭ আগস্ট ইউএনওর সই করা একটি চিঠি তিনি ২৩ আগস্ট পাওয়ার পর চাল তোলার জন্য চেয়ারম্যানদের ডিও (সরবরাহের আদেশ) দিয়েছেন।এ ব্যাপারে জানতে ১৭ আগস্ট ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমানের মুঠোফোনে বৃহস্পতিবার ফোন করলে তিনি ধরেননি।ঈদের পর চাল তোলার ব্যাপারে জানতে চাইলে উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও বাসুপাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘আমরা ঈদের আগেই চাল তোলার চেষ্টা করেছিলাম। তবে তখন খাদ্য কার্যালয় থেকে ডিও না পাওয়ায় এবং গুদামের কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় তা সম্ভব হয়নি।’উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এই অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের আগের শেষ সরকারি কর্মদিবসেও তাঁরা ইউএনওর কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠিপত্র পাননি।