বিশেষ ভিজিএফের চাল জব্দ, আটক ১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন থেকে ঈদের বিশেষ ভিজিএফের ২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। চাল রাখার অভিযোগে পুলিশ ডুমুরিয়া গ্রামের মানিক চক্রবর্তী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ভবনের পাশের একটি বাড়ি ও একটি দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়। আটক মানিক চক্রবর্তী জানিয়েছেন, চেয়ারম্যান শুকুমার বাইন ইউনিয়ন পরিষদের গুদামে চাল না রেখে তাঁর বাড়িতে ছয় বস্তা চাল রাখেন। পরে নিয়ে যাবেন বলে তাঁকে জানান।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শুকুমার বাইন দরিদ্র মানুষের জন্য আসা ঈদুল ফিতরের বিশেষ ভিজিএফের চাল বিতরণ না করে বিভিন্ন স্থানে মজুদ করেছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডুমুরিয়া গ্রামের মানিক চক্রবর্তীর বাড়ি থেকে ছয় বস্তা ও ডুমুরিয়া বাজারের জিতেন হালদারের দোকান থেকে ১৪ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক মানিক চক্রবর্তীকে আটক করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি মাজারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।