বিশেষ ভিজিএফের ৪৬ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের বিশেষ বরাদ্দের ৪৬ বস্তা (মোট দুই টন ৫৮ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাসাইল বাজারের কয়েকটি দোকান ও একটি ঘেরের পাড় থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ সাতজনের নামে মামলা দায়ের করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরান হোসেন মিয়া জানান, ঈদ উপলক্ষে কান্দি ইউনিয়নে সাড়ে ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত মঙ্গল ও বুধবার ওই ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রথম দিন ট্যাগ কর্মকর্তা রঞ্জন কুমার বোস উপস্থিত থেকে ৩০০ জনকে ১০ কেজি করে চাল দিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ওপর বিতরণের দায়িত্ব দিয়ে চলে আসেন। মিরান হোসেন আরও জানান, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ধারাবাসাইল বাজারে কান্দি ইউপির সদস্য প্রেমানন্দের দোকান থেকে ১১ বস্তা, একই বাজারের লিটন বাড়ৈর দোকান থেকে আট বস্তা, উত্তম মিস্ত্রির দোকান থেকে ছয় বস্তা, মোহন বৈদ্যের দোকান থেকে ছয় বস্তা, নিরোধ বরণ রায়ের দোকান থেকে ছয় বস্তা ও একটি ঘেরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় নয় বস্তা ঈদের বিশেষ ভিজিএফের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি শুক্রবার রাতে কান্দি ইউপির সদস্য প্রেমানন্দ, মধুনাথ ঢালীসহ সাতজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।