রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ওই অনুষদের ডিনের লেখা একটি বই গছিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ রাজনৈতিক মতাদর্শ নিয়ে লেখা বইটির মূল্য রাখা হচ্ছে ১০০ টাকা। ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভর্তি ফরমে ডিনের স্বাক্ষর নেওয়ার সময় ডিন অধ্যাপক আবদুল হাই তালুকদার নিজে তাঁর লেখা একটি বই বিক্রি করছেন। এ সময় আবদুল হাইকে ‘এই বইটা নাও, বইটা নাও, ১০০ টাকা লাগবে’ বলতে দেখা গেছে। বাধ্য হয়ে শিক্ষার্থীরা বইটি কিনছেন। সম্প্রতি বাংলাদেশ শিরোনামে লেখা বইটিতে ‘বিরোধী দলের নেতাদের মুক্তি’, ‘সরকারের সফলতা-বিফলতা’, ‘মাহমুদুর রহমানের পুরস্কার পাওয়া উচিত’ ও ‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ শীর্ষক বিভিন্ন প্রবন্ধের সংকলন রয়েছে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, প্রায় সবাইকে বইটি দেওয়া হচ্ছে। এর জন্য তিনি ১০০ টাকা করে নিচ্ছেন। জানা গেছে, যাঁরা ওই অনুষদে ভর্তি হচ্ছেন, তাঁদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে এবং কলা অনুষদের একটি জার্নাল দেওয়া হচ্ছে। এ ব্যাপারে দায়িত্বরত কর্মকর্তারা জানান, জার্নাল বাবদ ২০০ টাকা এবং অনুষদের কম্পিউটার ল্যাব বাবদ ১০০ টাকা নেওয়া হচ্ছে। তবে রশিদ দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে আবদুল হাই তালুকদার বলেন, কম্পিউটার ল্যাব ও জার্নালের জন্য ৩০০ টাকা নেওয়া হচ্ছে। রশিদ দেওয়া না হলেও এটার হিসাব আছে। নিজের লেখা বই বিক্রির ব্যাপারে তিনি বলেন, ‘এটা নেওয়া বাধ্যতামূলক নয়। যাদের ইচ্ছে তারা নিচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি জানি না। এ ব্যাপারে অফিসিয়ালি কাল খোঁজ নিয়ে বিষয়টা দেখছি।’