বিশেষ রিকশায়ও থাকবে চিত্রকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচিত্র ঢাকার রিকশার বিশেষ ঐতিহ্য। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় আজ থেকে যেসব বিশেষ রিকশা চলবে, সেগুলোও এই ঐতিহ্য বহন করবে। উদ্যোক্তা সোসাইটিগুলোর পক্ষ থেকে হলুদ-কালো রঙের এসব রিকশার নিচের অংশে চিত্রকর্ম আঁকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনগণের চলাচলের সুবিধার্থে এবং গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করতে আজ থেকে বিশেষ রিকশা চলবে। গুলশানে ২০০টি, বনানীতে ২০০, বারিধারা ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। এসব রিকশার ওপরের অংশ হলুদ ও নিচের অংশ কালো রং করা। চালকদের গায়ে থাকবে কমলা রঙের বিশেষ পোশাক।

ঢাকার রিকশা মানেই নানান রঙের ব্যবহার আর সাজসজ্জায় চাকচিক্য। তার তুলনায় গুলশান, বনানীর বিশেষ রিকশাগুলো সাদামাটা। এসব রিকশায় নানান রঙের কারুকাজ নেই। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এসব বিশেষ রঙের রিকশা ছাড়া অন্য কোনো রিকশা ঢুকতে দেওয়া হবে না। তাই ঐতিহ্যবাহী নকশা করা রিকশা আর গুলশানে দেখা যাবে না, এমনটাই ধারণা।

এ বিষয়ে হোসেনি দালান এলাকার রিকশার চিত্রকর মো. হানিফ পাপ্পু বলেন, রিকশাচিত্র ঢাকার ঐতিহ্য। গুলশান, বনানী, বারিধারা এলাকায় বিদেশিদের চলাচল বেশি। দেশের ঐতিহ্য তুলে ধরতে এসব এলাকার রিকশায় চিত্রকর্ম আরও বেশি রাখার চেষ্টা করা উচিত।