বিশেষ লঞ্চ সার্ভিস আজ শুরু
ঈদ ও পূজা উপলক্ষে আজ মঙ্গলবার শুরু হচ্ছে বিশেষ লঞ্চ সার্ভিস। আর আগামীকাল বুধবার থেকে চলবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বিশেষ স্টিমার সার্ভিস। তবে নদীপথে চলাচলকারী ৪১ নৌরুটের বেসরকারি শতাধিক লঞ্চের প্রায় সব কেবিন ইতিমধ্যেই বুকিং শেষ হয়েছে।
ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, শতাধিক বেসরকারি লঞ্চের প্রায় নয় হাজার প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট বুকিং শেষ হয়েছে।
দক্ষিণাঞ্চলগামী অনেক যাত্রী কেবিনের টিকিটের জন্য হন্যে হয়ে লঞ্চে লঞ্চে খোঁজ নিচ্ছেন। এমনই এক যাত্রী ফার্মগেট থেকে আসা রিপন মিয়া। তিনি বলেন, ৩ অক্টোবর হুলারহাটে যাবেন। তাই এই নৌরুটে চলা রাজদূত-৭ লঞ্চের অগ্রিম টিকিট বুকিং দিতে এসেছেন। কিন্তু লঞ্চের কেরানির কাছ থেকে জেনেছেন, সব টিকিট বুকিং শেষ।
খিলগাঁও থেকে আসা ব্যাংক কর্মকর্তা সুজিত রায় বলেন, আগামীকাল বুধবার বরিশালে যাবেন। কিন্তু তিন দিন ধরে এসেও প্রথম শ্রেণির কেবিনের টিকিট পাননি। তিনি আক্ষেপ করে বলেন, ‘লঞ্চের অসাধু কর্মচারীরা নিজেদের নামে-বেনামে টিকিট কিনে নিয়ে আমাদের বলছে টিকিট নেই। অথচ ঈদের দু-এক দিন আগে তারা গোপনে ও কালোবাজারিতে চড়া দামে টিকিট বিক্রি করবে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক সামসুল আরেফিন বলেন, সুষ্ঠু ও নিরাপদ যাত্রীসেবা দেওয়ার লক্ষ্যে গত বুধবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএর সভাকক্ষে সংস্থাটির সঙ্গে লঞ্চমালিকদের সমন্বয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যাত্রীসেবা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।