বিশেষ শর্তে খুলে দেওয়া হবে ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে, এমন ভিডিও দেখার সুযোগ গুগল বন্ধ করে দেবে। এ ছাড়া বিকল্প সার্ভারের মাধ্যমে এবং বিটিআরসির নিয়ন্ত্রণ বজায় রেখে বাংলাদেশে পুনরায় ইউটিউব চালু করতে আগ্রহী গুগল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, এ শর্তে ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ইউটিউব খুলে দেওয়া সম্ভব। তিনি বলেন, আলাদা সার্ভার থাকলে সহজে নিয়ন্ত্রণের মাধ্যমে যেকোনো ‘আপত্তিকর’ ভিডিও দেখার সুযোগ বন্ধ করে দিয়ে দেশে ইউটিউব চালানো সম্ভব। কয়েকটি দেশে গুগল এভাবে আলাদা সার্ভার দিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে বলেও জানান তিনি।চলতি বছরের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিভিন্ন মুসলিম দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই চলচ্চিত্রের ভিডিও সরিয়ে নিতে গুগলকে চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১৭ সেপ্টেম্বর ইউটিউবের ওয়েবসাইট সাময়িক বন্ধ করে দেয় বিটিআরসি।