বিশেষ শিশুদের জন্য ভালোবাসার স্কুল

সড়কের ধারে টিনের একটি বাড়ি। ভেতরে তিনটি কক্ষ। ঘরে কোনো টেবিল-চেয়ার নেই। মেঝেতে খবরের কাগজ বিছানো। তার ওপর ছড়ানো-ছিটানো কিছু খেলনা। এটি একটি পাঠশালা। নাম বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। অবস্থান শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা এলাকায়। ৮৯টি বুদ্ধিপ্রতিবন্ধী ও ১২টি অটিস্টিক শিশু এখানকার শিক্ষার্থী।
২০১৬ সালের ১৫ নভেম্বর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রেজাউল করিম। তিনি উপজেলার বরুয়াজানী শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক। বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। চাকরিসূত্রে নালিতাবাড়ী শহরে পরিবার নিয়ে থাকেন। গড়কান্দা এলাকায় ভাড়া করা ঘরে বিদ্যালয়টি চালান তিনি। রেজাউল করিমের স্ত্রীসহ পাঁচজন স্বেচ্ছাশ্রমে এখানে পাঠদান করেন।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, জাতীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের শেরপুর জেলা কার্যালয়ের কনসালট্যান্টের মাধ্যমে মাসে দুবার শিশুদের ফিজিওথেরাপি দেওয়া হয়। এ ছাড়া সপ্তাহে একদিন (বৃহস্পতিবার) স্থানীয় চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর বাইরে শিশুদের পড়ানো ও যত্ন-আত্তির পুরোটাই করেন ওই স্বেচ্ছাসেবী শিক্ষকেরা। বিদ্যালয়ে আসার পরপরই প্রতিটি শিশুর হাত সাবান দিয়ে ধোয়ানো হয়। পরে ব্যায়াম করানো হয়। যেসব শিশু কিছুটা সুস্থ, তাদের খেলাধুলা ও আনন্দ-বিনোদনের ব্যবস্থা করা হয়। শিশুদের উন্নতির ওপর নির্ভর করে অক্ষরজ্ঞান, প্রাথমিক পাঠ শেখানো হয়। পড়ার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজি। এ ছাড়া হিসাব ও গণনা শেখানো হয়। এসব বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই হচ্ছে এ পাঠশালার মূল উদ্দেশ্য।
বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শিশুদের কেউ মাটিতে হামাগুড়ি দিয়ে খেলছে। কেউ চিৎকার করছে। কেউবা ছোট্ট মাঠে বাঁধা বাঁশ ধরে দাঁড়িয়ে আছে।
অভিভাবকেরা বিদ্যালয়ের সময়টাতে সারাক্ষণই সন্তানদের সঙ্গে থাকেন। অপেক্ষায় থাকা এমন একজন নাজমা বেগম। তিনি বলেন, ‘আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। সে আগে কথা বলতে পারত না। তবে এ স্কুলে আসার পর সবার সঙ্গে মিশে একটু একটু কথা বলতে পারতাছে। স্কুলডা অইয়া আমগর মতো অসহায় গরিব মানুষের বিরাট উপকার অইছে।’
তবে বিদ্যালয়টিতে রয়েছে নানা সমস্যা। এখানকার শিক্ষার্থীদের বেশির ভাগেরই চলাফেরায় সমস্যা আছে। অভিভাবকেরাও দরিদ্র। কিন্তু এসব শিশুর যাতায়াতের জন্য কোনো যানবাহন নেই। এ ছাড়া প্রয়োজনীয় আসবাব ও খেলনারও অভাব রয়েছে। এমনকি বসার জন্য মাদুর পর্যন্ত নেই। মেঝেতে খবরের কাগজ বিছিয়ে শিশুদের বসতে দেওয়া হয়।
আরেক অভিভাবক তহিরন বেগম বললেন, ‘আমার নাতিন লাইলী বুদ্ধিপ্রতিবন্ধী। অর বাপ-মা ঢাকায় একটা পোশাক কারখানায় কাজ করে। প্রতিদিন নাতনিকে লইয়া আড়াই কিলোমিটার দূর থাইকা বিদ্যালয়ে আসি। এতে ৪০ টাকা খরচ অয়। যদি স্কুলের একটা গাড়ি থাকত, তাইলে আওয়া-যাওয়ায় বিরাট সুবিধা অইতো।’
পাঠশালার প্রতিষ্ঠাতা রেজাউল করিম নালিতাবাড়ীর গ্রামে গ্রামে ঘুরে বিশেষ যত্ন প্রয়োজন এমন শিশু খুঁজে বের করেন। এরপর তাদের বিদ্যালয়টিতে ভর্তির জন্য অভিভাবকদের রাজি করান। তিনি নিজের বেতন ও প্রাইভেট টিউশনি থেকে যা আয় হয়, সেখান থেকেই বিদ্যালয়টির খরচ চালান। এ জন্য প্রতি মাসেই ধারদেনা হয় তাঁর। মানুষটি বলেন, ‘একটি শিশুও যদি এই বিদ্যালয়ের মাধ্যমে কিছুটা সুস্থ ও স্বাভাবিক পায়, তাহলেই আমাদের উদ্যোগ সফল হবে। কিন্তু সে জন্য বিদ্যালয়টিকে আরও একটু উন্নত করা দরকার। শিশুদের আনা-নেওয়ার জন্য ভ্যানগাড়ি, বসার জন্য অন্তত মাদুর ও খেলার জন্য আরও কিছু খেলনা অত্যন্ত প্রয়োজন। সে জন্য অর্ও দরকার।’
পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য উপজেলায় আর কোনো বিদ্যালয় নেই। রেজাউল করিমের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়টি উদ্বোধনের সময় আমি ছিলাম। পৌরসভার পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য সাধ্যমতো সহযোগিতা করা হবে।’