বিশেষ শিশুদের সঙ্গে লঙ্কান ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ শিশুদের সঙ্গে কেক কাটছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি: পিএফডিএর সৌজন্যে
বিশেষ শিশুদের সঙ্গে কেক কাটছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি: পিএফডিএর সৌজন্যে

স্নায়বিক বিকাশ না হওয়া জনিত প্রতিবন্ধিতা যেমন: অটিজম, ডাউন সিনড্রোম, সিরিয়াল পালসি, বুদ্ধি প্রতিবন্ধী ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিবন্ধিতায় আক্রান্ত বিশেষ শিশুদের সঙ্গে সময় কাটিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট খেলতে ঢাকায় আসা শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। আজ সোমবার রাজধানী খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠান হয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও লা মেরিডিয়ান হোটেলের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবল (পিএফডিএ) ভোকেশনাল ট্রেনিং সেন্টার।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আইএলও ঢাকা অফিসের কর্মকর্তা ফ্রান্সিস দ্য সিলভা ও শ্রীলঙ্কান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ম্যানেজার মাধুরাসিঙে। অনুষ্ঠানে শ্রীলঙ্কা দলের সব ক্রিকেটার বিশেষ শিশুদের সঙ্গে কেক কাটেন। নাচ গানে অনুষ্ঠানটিকে আনন্দঘন করে তোলেন।
অনুষ্ঠানে আইএলওর যোগাযোগ বিশেষজ্ঞ স্টিভ নেধাম, পিএফডিএর সভাপতি সাজিদা রহমান ড্যানি, লা মেরিডিয়ান হোটেলের মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার, শ্রীলঙ্কা দলের কোচ রজার ওইজেসুরিয়া উপস্থিত ছিলেন।
পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিবন্ধিতার শিকার ১৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য সেবা ও তাদের অধিকার সংরক্ষণের একটি সংগঠন। এসব শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের কাজ করার সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে উপার্জনক্ষম করার জন্য একটি প্ল্যাটফর্ম। এখানে কার্পেট স্লিপার, পুতির গয়না, স্ক্রিন প্রিন্ট, কম্পিউটার ট্রেনিং, কাগজের প্যাকেট, এনভেলপ, ব্যাগ, ব্লক ও টাই-ডাই এর ড্রেস, আর্ট, নাচ, গান, অভিনয় প্রশিক্ষণের পাশাপাশি থেরাপি দেওয়া হয়।