দেশে অনেক সংবাদপত্র ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রকাশিত হচ্ছে। ইলেকট্রনিকস মিডিয়ার সংখ্যা এখন অনেক। তার পরও সংখ্যালঘু সম্প্রদায়ের মনে যে অনিশ্চয়তা তা অধিকাংশ গণমাধ্যমই এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর নারীর বিরুদ্ধে দেওয়া বক্তব্যও অনেক গণমাধ্যম প্রকাশ করেছে। এ ধরনের বিষয়ে কোনো কিছু প্রচার বা প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে কর্মকৌশল ও নীতিমালা তৈরি করতে হবে।গতকাল সোমবার নগরের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার রক্ষার্থে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় গণমাধ্যম উপপরিষদ এ সেমিনারের আয়োজন করে।সেমিনারের মূল প্রবন্ধ লেখেন পরিষদের গণমাধ্যম সম্পাদক কাজী সুফিয়া আখ্তার। তিনি অসুস্থ থাকায় সেমিনারে এটি পড়ে শোনান পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা মোস্তফা এনাম। মূল প্রবন্ধে শফীর বক্তব্যের অযৌক্তিকতা তুলে ধরে প্রথম আলো এবং দৈনিক ভোরের কাগজ সম্পাদকীয় প্রকাশ করায় নারী আন্দোলনের পক্ষ থেকে মহিলা পরিষদ ধন্যবাদ জানিয়েছে। সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়েছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে সন্ত্রাস অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। কাজী সুফিয়া আখ্তার গণমাধ্যমে নারী বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে তা নিয়ে কৌশল ও নীতিমালা তৈরির বিষয়টিতে গুরুত্ব দেন।সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, দেশের বিশেষ সংকটের সময় বা যখন রাষ্ট্রকে কোনো ধরনের সুপারিশ পাঠাতে হবে অথবা প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াতে হবে সে ধরনের পরিস্থিতিতে গণমাধ্যমের সহযোগিতা খুবই জরুরি।সেমিনারের অতিথি বক্তা প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ১৯৬৯ সালে নারীর অধিকার, ধর্মীয় উগ্রতাসহ যে বিষয়গুলোতে আন্দোলন করতে হয়েছে ২০১৩ সালেও সে বিষয়গুলোতেই আন্দোলন চালাতে হচ্ছে। তবে এর মানে এই নয় যে দেশ পিছিয়ে গেছে। সাময়িক কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়ে পড়তে হয়। তবে আশার কথা, হাতেগোনা কয়েকটি গণমাধ্যম ছাড়া বেশির ভাগ গণমাধ্যমেরই নীতিগত অবস্থান এক। ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান বলেন, হেফাজতে ইসলাম নারীর বিরুদ্ধে কথা বলার পর যে ধরনের নেতৃত্ব প্রয়োজন ছিল তা গড়ে ওঠেনি। এ বিষয়ে কয়েকজন নারী সাংসদ যে ভাষায় কথা বলছেন তা দুঃখজনক।সেমিনারে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বেসরকারি ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান বক্তব্য দেন।