নারীর প্রতি সহিংতা রোধে বিশেষ সংসদীয় কমিটি গঠন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া সহিংসতা প্রতিরোধে পাঠ্যপুস্তকেও এসব বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি।
গতকাল বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারীর প্রতি সহিংসতা রোধে আয়োজিত ‘এন্ডিং দ্য সাইকেল অব ভায়োলেন্স অ্যাগেইনস্ট গার্লস ইন এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী দিনে এসব সুপারিশ করা হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ সেমিনারের আয়োজক ছিল বাংলাদেশের জাতীয় সংসদ ও বিভিন্ন দেশের আইনসভার সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, ভিয়েতনাম, আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান, সামোয়া, শ্রীলঙ্কা, টোঙ্গা ও কিরিবাতির আইনপ্রণেতারা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে তিন দিনের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আলোচনায় নারীর প্রতি সহিংসতা রোধে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সুপারিশ এসেছে। সংসদের ভেতরে ও বাইরে সাংসদদের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলাসহ সর্বস্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সদস্যদের সচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
শিরীন শারমিন বলেন, সেমিনারে অংশগ্রহণকারীরা সবাই একমত, নারীর প্রতি সহিংস আচরণ রোধে চিন্তার পরিবর্তন আনতে হবে। নারী সম্পর্কে প্রচলিত যে ধারণা আছে, সেটা ভাঙতে হবে। এ জন্য সচেতনতামূলক কর্মকাণ্ড গ্রহণ করতে হবে। অক্টোবরে আইপিইউর সাধারণ অধিবেশনে এসব সুপারিশ তুলে ধরা হবে।
আলোচনার লিখিত সুপারিশ পড়ে শোনান হুইপ শহীদুজ্জামান সরকার। এতে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ জন্য সাংসদদের মাধ্যমে নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। প্রচলিত আইনের সঠিক বাস্তবায়ন ঘটলে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাঠ্যপুস্তকসহ বিভিন্ন শিক্ষা পাঠক্রমে নারীর প্রতি সহিংসতা রোধে গৃহীত পদক্ষেপ অন্তর্ভুক্ত করে সচেতনতা বাড়াতে হবে।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন দেশের আইনপ্রণেতারা বলেন, সরকার, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সচেতন করার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইপিইউর ভাইস প্রেসিডেন্ট ও কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান।