বিশেষ সভার দিকে তাকিয়ে আ.লীগের চার প্রার্থী
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের চার প্রার্থীর মনোনয়ন নিয়ে আজ সোমবার বিশেষ সভা হবে। আওয়ামী লীগের উপজেলা শাখা এ সভা ডেকেছে।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলার চানপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা-ইমারত মিলনায়তনে এ সভা হবে। সভায় উপস্থিত থাকার জন্য পৌরসভা, ইউনিয়ন শাখার সভাপতি, সম্পাদক ও উপজেলার নির্বাহী কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সাংসদ ও দলের উপজেলা শাখার সভাপতি এনামুল হকও থাকবেন।
দলের একাধিক স্থানীয় নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, এ সভা থেকে মেয়র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পৌরসভায় মেয়র পদে চারজন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক সাঈদ আলী, সদস্য গোলাম মোস্তফা, ভবানীগঞ্জ শাখার সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশীদ।