বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাকে ডিলিট দেবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়
ব্যস্ততার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দেওয়া সাম্মানিক ডিলিট গ্রহণ করতে না পারায় বিশেষ সমাবর্তন উৎসবের মাধ্যমে তাঁর হাতে ডিলিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়।গত মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয় ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এর পরই এই সম্মান গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।বিশ্ববিদ্যালয়টির শনিবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।সমাবর্তন উৎসবে দেওয়া ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণোদয় সাহা বলেন, পরবর্তী সময়ে একটি বিশেষ সমাবর্তন উৎসবের আয়োজন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে সাম্মানিক ডিলিট তুলে দেওয়া হবে।গতকাল রোববার উপাচার্য অরুণোদয় সাহা প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বিশেষ সমাবর্তন উৎসবের দিন-তারিখ ঠিক করা হবে।