বিশেষ সার্ভিসের বাস বাড়াচ্ছে যানজট!
মোহাম্মদ সেলিম (৪৫) ঢাকার মোহাম্মদপুরে ব্যবসা করেন। ঈদের ছুটিতে সপরিবারে ময়মনসিংহের ত্রিশালে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছিলেন। গত বুধবার ঢাকায় ফেরার পথে বিপত্তিতে পড়েন তিনি। ছোট ভাইকে পাঠিয়েছিলেন ময়মনসিংহ শহরের মাসকান্দা বাসস্টেশনে এনা বা সৌখিন পরিবহনের একটি টিকিটের জন্য। সেখানে থেকে তাঁর ছোট ভাই সব টিকিট শেষ হয়ে যাওয়ার কথা জানান। অগত্যা ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন, এক কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ লাইন। ঢাকার সব গাড়ি যেন চলে এসেছে এখানে। এসব গাড়ি টঙ্গী পর্যন্ত যাবে। ভাড়া জনপ্রতি ১০০ টাকা। নিরুপায় হয়ে তিনি ওই বাসেই ওঠেন। ঈদ এলেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রতিবছর অনিয়মিতভাবে এসব বাস চলে। এ বছর এর মাত্রা এত বেড়েছে যে প্রতি পাঁচ মিনিট অন্তর বিশেষ সার্ভিসের এসব বাস চলছে। মহাসড়কের ত্রিশাল অংশে এসব বাসে যাত্রী ওঠানোয় বাসস্ট্যান্ড এলাকায় যানজট হচ্ছে। ত্রিশাল থেকে ঢাকার আবদুল্লাহপুর পর্যন্ত বাসগুলো চলাচল করে। আরও এক সপ্তাহ এই বাস সার্ভিস চলবে। প্রতিটি বাসের সিরিয়ালের মাধ্যমে এখানে আসতে হয়। ত্রিশাল মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতি প্রতিটি বাসের সিরিয়ালের জন্য ৩০০ টাকা করে চাঁদা নেয় বলে জানা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী প্রতিটি বাসে প্রচণ্ড ভিড় থাকায় বিশেষ সার্ভিসের এসব বাসই এখানকার যাত্রীদের একমাত্র ভরসা। গাজীপুর, মাওনা, শ্রীপুর ও ভালুকার লোকাল এবং ফিটনেসহীন লক্কড়-ঝক্কড় এসব বাস অনেক সময় অর্ধেক পথে গিয়ে নষ্ট হয়ে পড়ে থাকে। তখন যাত্রীদের বিড়ম্বনা আরও বাড়ে। ঢাকা-মাওনা সড়কপথে গাড়িচালকের সহকারী সাইফুল জানান, তাঁরা অন্য একটি গাড়ির মাধ্যমে জানতে পেরেছেন, ত্রিশাল থেকে টঙ্গী ও উত্তরা পর্যন্ত বাস চলে। খবর শুনে এখান থেকে প্রতিদিন একটি করে ট্রিপ পাচ্ছেন তাঁরা। প্রতি ট্রিপের জন্য চাঁদা দিতে হয় ৩০০ টাকা। প্রতিদিন এখান থেকে গড়ে ২০০ গাড়ি টঙ্গী ও উত্তরা যাচ্ছে। ত্রিশাল থেকে ঢাকায় যেতে সাধারণত ৫০-৬০ টাকা ভাড়া লাগে। সেখানে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা।ত্রিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘আমরা কোনো চাঁদা নিচ্ছি না। গাড়ি চললে তো আমরা বাধা দিতে পারি না।’ ত্রিশাল মোটর মালিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’ তবে তিনি স্বীকার করেন, শ্রমিকেরা বিষয়টি সমন্বয় করছেন।