ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন সদস্যের উপাচার্য প্যানেল মনোনীত করতে বিশেষ সিনেট সভা ডাকার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার রিট করা হয়েছে। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও আসন্ন সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী আ ফ ম ইউসুফ হায়দার, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবদুল আজিজ ও সাংবাদিক মাহফুজউল্লাহ এই রিট করেন।
এদিকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এ সিনেট অধিবেশন স্থগিত না করলে তা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।
রিটকারীদের আইনজীবী এম বেলায়েত হোসেন বলেন, বিশেষ সিনেট সভা ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি করতে বেঞ্চ নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তিনি বিষয়টি বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে উপস্থাপন করতে বলেন। ওই বেঞ্চ রোববার শুনানির দিন ধার্য করেন। আবেদনকারীদের যুক্তি, সিনেট সদস্যসংখ্যা ১০৫ জন। সেখানে এখন ৫৫টি পদ খালি। সিনেট বলতে ১০৫ সদস্য বোঝায়। তাই সভা আহ্বান ও প্যানেল তৈরি আইনগত কর্তৃত্ববহির্ভূত। এদিকে অধিবেশন হলে ওই দিন সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে গতকাল সাদা দলের এক সংবাদ সম্মেলনে জানানো হয়।