বিশেষ সেবা দিতে ১৯৯টি লঞ্চ প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের নদীপথে যাত্রী পরিবহনে ১৯৯টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রী পরিবহনে বিশেষ সেবা দিতে কাল মঙ্গলবার থেকে এসব লঞ্চ চলাচল শুরু করবে। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন গতকাল রোববার এ কথা জানিয়েছেন।

এ ছাড়া নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান বলেন, আজ সোমবার থেকে ঈদের পরবর্তী সাত দিন মালবাহী জাহাজ, কার্গো ও বাল্কহেড চলাচল করতে পারবে না। তবে গবাদিপশুবাহী নৌযান ও ট্রলারের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকবে না। এ ছাড়া লঞ্চে ও এর ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। খেয়া নৌকায় করে গিয়ে মাঝনদী থেকে লঞ্চে কাউকে উঠতে দেওয়া যাবে না।

এদিকে গতকাল সকালে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের সভাকক্ষে ডিএমপি লালবাগ বিভাগের আয়োজনে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত মতবিনিময় সভা হয়। লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা মহানগরের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজউদ্দিন আহমেদ, নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, নৌ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফরিদা পারভীন, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুনুর রশীদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমান প্রমুখ।

মফিজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ বছর ঈদুল আজহা উপলক্ষে ছুটি কম। তাই সদরঘাট টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় একটু বেশি হতে পারে। আজ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নদীপথে লঞ্চগামী যাত্রীদের টার্মিনাল এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং হয়রানি রোধে নিরাপত্তা জোরদার করা হবে। সড়কপথে যানজট নিরসনের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, যাত্রীদের নিরাপদে লঞ্চে ওঠানামা করার জন্য হকার উচ্ছেদ করতে হবে। এ ছাড়া ঈদের পর ফিরতি পথের যাত্রীরা যাতে নৌশ্রমিকদের মাধ্যমে কোনো হয়রানির শিকার না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ওয়াইজ ঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটে যাত্রীরা যাতে হয়রানিসহ কোনো সমস্যার শিকার না হন, সে জন্য পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।

‘