বিশেষজ্ঞ কমিটির পাহাড়তলী বধ্যভূমি পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীর জল্লাদখানা বধ্যভূমি পরিদর্শন করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি। গতকাল শুক্রবার সকালে কে এম সফিউল্লাহর নেতৃত্বে সাত সদস্যের কমিটি বধ্যভূমি পরিদর্শনের পাশাপাশি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের সফিউল্লাহ বলেন, ‘বধ্যভূমি সংরক্ষণ সারা দেশের মানুষের প্রাণের দাবি। আমরা এখানে বধ্যভূমি দেখতে এসেছি।’ সফিউল্লাহ বধ্যভূমিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ প্রসঙ্গে প্রশ্ন করেন, ‘দেশে কি জমির এতই অভাব যে এখানে বিশ্ববিদ্যালয় করতে হবে?’ তিনি বলেন, এখানে যে গণহত্যা হয়েছিল, সবাই তার স্মৃতি সংরক্ষণ করতে চায়। জানা গেছে, তদন্ত শেষে ৯ অক্টোবরের মধ্যে কমিটির একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, পাহাড়তলী এলাকায় বধ্যভূমি হিসেবে দাবি করা জমিতে ২০০৭ সালে একটি ভবন নির্মাণের কাজ শুরু করে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)। একটি রিট পিটিশনের ভিত্তিতে ২০১০ সালে আদালত ভবন নির্মাণে স্থগিতাদেশ দেন। গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে এ কমিটি গঠন করা হয়।বিশেষজ্ঞ কমিটি বধ্যভূমি এলাকায় এবং সার্কিট হাউসে বসে সে সময়ের ভুক্তভোগী পরিবারের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে। সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটির অন্য সদস্যরা হলেন—গবেষক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কমিটির সদস্যসচিব সৈয়দ মুজিবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান ও ইউএসটিসির রেজিস্ট্রার অধ্যাপক শামসুদ্দোহা। রিট পিটিশনকারীদের অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘১৯৯৯ সালে ত ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বধ্যভূমি সংরক্ষণের কথা বলেছিলেন। কিন্তু ২০০২ সালে পাহাড়তলী বধ্যভূমির জমিটি কিনে নেয় ইউএসটিসি। পরে এখানে তারা একটি ভবনের কাজ শুরু করে।’ এই বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের সময় বহু বাঙালিকে হত্যা করা হয়েছিল বলে তিনি জানান। এদিকে, কমিটি গতকাল শুক্রবার সারা দিনে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে বলে জানা গেছে। এর মধ্যে ইউএসটিসির উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলামও রয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে সন্ধ্যায় শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে পাহাড়তলী বধ্যভূমিতে ১৯৭১ সালে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। তা সত্যি হলে এটাই বাংলাদেশের সর্ববৃহ ৎ বধ্যভূমি। আমরা ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছি।’ জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি শুক্রবার বেলা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই লিখিত সাক্ষ্য গ্রহণ করে। এ সময় নুরুল ইসলামও লিখিত আকারে তাঁর সাক্ষ্য উপস্থাপন করেন। শাহরিয়ার কবির বলেন, ইউএসটিসির প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ছাড়া অন্য সবাই বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের স্থানেই বধ্যভূমি ছিল বলে জানিয়েছেন। সাক্ষ্য প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের নুরুল ইসলাম বলেন, ‘আমি আইন অনুসারে জমি কিনেছি এবং বধ্যভূমির জন্য ১০ গন্ডা জমি আগেই ছেড়ে দিয়েছি।’