আনজুয়ারা বেগম নামের এক গৃহবধূ ৭ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও স্ত্রীরোগ (গাইনি) বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা না পেয়ে তিনি অন্যত্র চলে যান।আনজুয়ারা বেগমের বাড়ি তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে। একই সময় বুড়িরহাট গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ মরিয়ম বেগম পরামর্শ নিতে এখানে আসেন। কিন্তু চিকিৎসকের দেখা না পাওয়ায় তিনিও কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর রংপুরে চলে যান। স্ত্রীরোগ বিশেষজ্ঞ না থাকায় আনজুয়ারা ও মরিয়মের মতো অনেক নারী প্রতিদিন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ফিরে যাচ্ছেন। শুধু স্ত্রীরোগই নয়, এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসকের ছয়টি পদই শূন্য। এ কারণে এখানে চিকিৎসাসেবা-কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের উল্লিখিত দুটি পদ ছাড়াও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও জুনিয়র কনসালটেন্টের তিনটি পদ ও সেবিকার তিনটি পদ শূন্য। একই সঙ্গে এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮৩টি পদের মধ্যে ৫৫ জন কাজ করছেন। একমাত্র এক্স-রে মেশিনটি অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পদটি দীর্ঘ ১০ মাস ধরে শূন্য। সেরমস্ত গ্রামের আবেদা খাতুনসহ অনেক রোগী জানান, রোগীদের থাকার কক্ষ, বিছানা, শৌচাগার ও নালা নিয়মিত পরিষ্কার করা হয় না। এ কারণে হাসপাতালে দুর্গন্ধে টেকা যায় না। পুরুষ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী সাইদুল ইসলাম বলেন, ‘আইজ এলাও (দুপুর ১২টায়) ওয়ার্ডে ডাক্তার আসেননি। এটে ওষুধ নাই, ঠিকমতো পথ্য নেই। আরও অসুস্থ হয়া পড়ছি।’ কাশিয়াবাড়ী গ্রামের তহুমিনা বেগম বলেন, ‘বুকত ব্যথা নিয়া চার দিন আগত এটে কোনা ভর্তি হছি। দিনে দুকনা ট্যাবলেট আর দুকনা ক্যাপসুল পাইছি। সব ওষুধ কিনি খাছি বাজার থাকি।’ ৭ ডিসেম্বর বহির্বিভাগে গিয়ে রোগীদের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। লক্ষ্মীপুর গ্রামের মাহামুদা বেগম বলেন, ‘চিকিৎসার জন্য দোজখখানায় ঢুকেছি। সকাল থাকি এটে বসি আছি। এলা দুপুর হইছে, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাইতে পারি না।’হাসপাতালের প্রধান হিসাবরক্ষক কচিমুদ্দিন জানান, এখন কর্মরত আছেন ইয়াছমিন আক্তার, প্রেষণে আসা আবদুল মতিন ও রেহেনা হাবীব। তাঁরা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা সয়ার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবদুল মতিন বলেন, ‘সাত দিন আগে দায়িত্ব পেয়েছি। কিন্তু চিকিৎসক-সংকট থাকায় রোগীদের সেবা দিতে সমস্যা হচ্ছে। আজকেই বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানাব। ওষুধ ও খাদ্য সরবরাহের বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’