প্রায় দেড় বছর আগে পাবনার ঈশ্বরদী উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে আগের জনবল দিয়ে ৫০ শয্যার হাসপাতাল চালাতে গিয়ে চিকিৎসকেরা হিমসিম খাচ্ছেন। এ ছাড়া গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিভাগে চিকিৎসক না থাকায় এখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর ঈশ্বরদীর ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শামসুর রহমান। উদ্বোধনের দিন শুধু ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে সময় ৫০ শয্যার রোগীদের চাহিদা অনুযায়ী খাবারের বরাদ্দ বাড়ানো হয়নি। তাই এখন ৩১ শয্যার রোগীদের জন্য বরাদ্দ দেওয়া খাবার ভাগাভাগি করে ৫০ শয্যার রোগীদের পরিবেশন করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে বিশেষজ্ঞসহ ২৭ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু কর্মরত আছেন মাত্র ১০ জন। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি, হূদরোগ, চক্ষু, শিশু, নাক-কান-গলা, অর্থোপেডিক বিশেষজ্ঞের পদ শূন্য রয়েছে। এখানে শুধু একজন এনেসথেসিয়া বিশেষজ্ঞ কর্মরত আছেন। জরুরি বিভাগে কোনো চিকিৎসক নেই। সেবিকার ১৪টি পদ থাকলেও কর্মরত আছেন নয়জন। পুরোনো হওয়ায় এক্স-রে যন্ত্রটি প্রায়ই বন্ধ থাকে। এ ছাড়া এখানে আলট্রাসনোগ্রাম যন্ত্র নেই।গত মঙ্গলবার মনোয়ারা বেগম তাঁর অসুস্থ নাতিকে নিয়ে এ হাসপাতালে আসেন। তিনি জানান, তাঁর নাতির হাতের হাড় ভেঙে যাওয়ায় তিনি তাকে নিয়ে এখানে আসেন। কিন্তু অর্থোপেডিক বিশেষজ্ঞ না থাকায় তিনি নাতিকে বাইরের ক্লিনিকে নিয়ে চিকিৎসা করিয়েছেন।হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ৫০ শয্যার এই হাসাপাতালে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৭০০ রোগী আসেন। আন্তবিভাগে ৫০ শয্যায় রোগী ভর্তি থাকে। হাসপাতালের রোগীদের জন্য কোনো খাবার বরাদ্দ হয়নি। হাসপাতালের প্রধান সহকারী আয়নুদ্দিন জানান, স্থানীয়ভাবে ম্যানেজ করে ৩১ জন রোগীর খাবার ৫০ জনকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিন আহমেদ খান জানান, চিকিৎসকসংকটে এখানে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য পদে লোকবল নিয়োগের বিষয়টি সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।