বিশেষজ্ঞ চিকিৎসকের ফি গরিবের নাগালে রাখুন: রাষ্ট্রপতি
বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেন্সি ফি গরিব মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি অপথালমোলজিক্যাল সোসাইটির (বিসিওএস) দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘অনেক চিকিৎসকের ফি সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে হওয়ায় আমরা চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছি। আমাদের মনে রাখতে হবে, অনেক সেবাপ্রার্থীর সক্ষমতা সীমিত।’ তিনি বলেন, বিশেষ করে গ্রামের দরিদ্র রোগীদের সামর্থ্যের কথা মাথায় রাখতে হবে। তাদের স্বল্প খরচে চিকিৎসা প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, মানবতার সেবা করা হচ্ছে চিকিৎসকদের প্রধান দায়িত্ব এবং চক্ষু চিকিৎসকেরা বিশেষ কর্মসূচির মাধ্যমে গ্রামের গরিব মানুষের চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রাষ্ট্রপতি বলেন, চোখ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চিকিৎসা ও রোগ প্রতিরোধের জন্য সময়মতো পদক্ষেপ নিলে চোখের রোগ কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্রপতি বলেন, এই সম্মেলন দেশ-বিদেশ থেকে আসা চক্ষু চিকিৎসকদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
বিসিওএসের সভাপতি শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক এবং বিসিওএসের মহাসচিব এনামুর রহমান চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে চক্ষু চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ১৪ জন চিকিৎসককে সম্মাননা জানানো হয়।